২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাপা-বিএনপি সংঘর্ষে ১০ জন আহত, ১৪৪ ধারা জারী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার স্থানীয় বিএনপি ও জাতীয় পার্টির (এরশাদ) সদস্যদের মধ্যে ধাওয়া - পাল্টা ধাওয়া হয়েছে। নাগেশ্বরীর ভিতরবন্দ জে ডি একাডেমি হাইস্কুলে এ ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে জাতীয় পার্টির সমর্থক রুহুল আমীন (৪০)  এবং বাচ্চুর (৩৫) অবস্থা গুরুতর।

জানা গেছে, বেলা ১১টার দিকে স্কুল অঙ্গনের এ সংঘর্ষ ভিতরবন্দ বাজার এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতির অবনতি ঘঠে। এ ঘটনার পর ঐ এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েনসহ  ১৪৪ ধারা জারী করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা জাতীয় পার্টি ও বিএনপির মধ্যকার সংঘর্ষের কথা স্বীকার করেছেন।

কুড়িগ্রাম - ১ আসনের জাতীয় পার্টির (এরশাদ) সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান এ প্রসঙ্গে বিডিনিউজকে বলেন,  সামান্য ম্যানেজিং কমিটির বিষয় নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে এবং হামলা চালায়।

এ প্রসঙ্গে কুড়িগ্রামের জেলা প্রশাসক আজিজার রহমান মোল্যা ১৪৪ ধারা জারীর কথা স্বীকার করে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।