“সিরিজ বোমা হামলার সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত”
“দেশব্যাপী সিরিজ বোমা হামলার সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত।”
বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিজবাহুর রহমান চৌধুরী বৃহস্পতিবার ঢাকা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন।
ঐক্যজোট আয়োজিত ‘১৭ আগস্ট সিরিজ বোমা হামলা ও নেপথ্য নায়কদের উদ্দেশ্য এবং আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় জোট প্রধান জানান, জঙ্গি হামলায় জামায়াতের জড়িত থাকার প্রমাণ হিসেবে ৬ শ’ পৃষ্ঠার শ্বেতপত্র আগামী ১৮ সেটেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।
ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরীর সভাপতি মাসুদুর রহমান বিক্রমপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, মনিরুজ্জামান রাব্বানী, মকলেছুর রহমান তালুকদার, মো. নূরুল ইসলাম খান, ইসমাইল হোসেন জিহাদী, ইউসুফ সিদ্দিকী, মাওলানা ফিরোজ আহম্মেদ, মাওলানা আমান উল্লাহ, ক্বারী আমিনুল ইসলাম প্রমুখ।
সভায় মিজবাহুর রহমান বলেন, আজ পর্যন্ত সরকার বোমা হামলার সঙ্গে জড়িত গডফাদারদের গ্রেপ্তার করতে পারেনি। কেননা যারা এ কাজ করেছে তারা সরকারেরই অংশ।
তিনি বলেন, জামায়াত ৭১’র পরাজয়ের শোধ নিতেই দেশের সংবিধান এবং জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হতে দেওয়া হবে না।
