১৭ আগস্টের বোমা হামলাকারিদের সমূলে উৎপাটন করা সম্ভব হয়নি বলে বাবর স্বীকার করেছেন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বীকার করেছেন, ১৭ আগস্টের বোমা হামলাকারিদের সমূলে উৎপাটন করা সম্ভব হয়নি।
তবে এক্ষেত্রে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত উন্নয়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সভায় জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাসহ সারাদেশের সন্ত্রাসীদের তালিকা তৈরি করছে। এক সপ্তাহের মধ্যে এ তালিকা চূড়ান্ত করা হবে। এ তালিকার ভিত্তিতে দেশব্যাপি পুলিশ ও র্যাব যৌথভাবে সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালাবে।
সভা সূত্র জানায়, এতে দেশের বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির সম্ভাব্য অবনতির বিষয়ে আলোচনা করা হয়।
সূত্র জানিয়েছে, সভায় বলা হয়, সরকারের নেওয়া পদক্ষেপের কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। আগে মানুষ পুলিশকে কোনো তথ্য দিতে ভয় পেতো। এখন নির্বিঘেœ পুলিশের কাছে বিভিন্ন তথ্য দিচ্ছে। এখন আর সন্ত্রাসীরা অপরাধ করে পার পাচ্ছে না।
সভায় উত্থাপিত এক পরিসংখ্যানে বলা হয়, আগের সরকারের তুলনায় বর্তমান সরকারের সময়ে দেশে নারী নির্যাতনের সংখ্যা বেড়েছে ২২ হাজার ৭৪১টি। বর্তমান সরকারের ৫ বছরে দেশে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৬৮ হাজার ৬৬০টি। যা এর আগের সরকার আমলে ছিল ৪৫ হাজার ৯১৯টি।
তবে বর্তমান সরকার আমলে দেশে ডাকাতি, দস্যুতা, খুন, দাঙ্গা, শিশু নির্যাতন, অপহরণ ও সিদেল চুরির ঘটনা তুলনামূলক হারে কমেছে।
সভায় উত্থাপিত পুলিশের অপরাধ ও শাস্তি সংক্রান্ত অপর এক প্রতিবেদনে জানানো হয়, সাব ইন্সপেক্টর থেকে কনস্টবল পদের পুলিশ সদস্যদের মধ্যে অযোগ্যতা ও অদক্ষতার অভিযোগে ৭৫১ জনকে অবসর, কর্তব্যে অবহেলার অভিযোগে ৭৫৪ জনকে বরখাস্ত, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছয় হাজার ৮১৫ জনকে গুরুদণ্ড এবং অসদাচরণের অভিযোগে ৬৮ হাজার এক জনকে লঘুদণ্ড দেওয়া হয়েছে।
একই সময়ে পরিদর্শক মর্যাদার ৩২২ জনকে লঘুদণ্ড, ৫৭ জনকে গুরুদণ্ড এবং ১৭ জনকে চাকরিচ্যুত করা হয়েছে।
পরে প্রতিমন্ত্রী বাবর বলেন, এখন থেকে নারী নির্যাতনের মামলার কোনো আসামীকে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ সুপার অথবা উপ-কমিশনারের অনুমতি নিতে হবে। কারণ দেশের বিভিন্ন থানায় দায়ের করা নারী নির্যাতনের মামলাগুলোর মধ্যে ৯৭ শতাংশই সাজানো মামলা। প্রতিপক্ষকে হয়রানি করার জন্যই এসব মামলা দায়ের করা হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা, পুলিশের মহাপরিদর্শক (আইজি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
