২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ বিচারপতি কে এম হাসানকে মেনে নেবে না: ওবায়দুল কাদের

ক্ষমতায় ফিরে আসাই প্রধান বিরোধী দল আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। কিন্তু সংবিধান অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ করা হলে আওয়ামী লীগ তা মেনে নেবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩১ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে আয়োজিত এক জনসভায় বক্তব্য দানকালে আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের পরবর্তী লক্ষ্য হলো আসন্ন জাতীয় নির্বাচনে জয়লাভ, সে কারণে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

আওয়ামী লীগের যুব সংগঠন ঢাকা মহানগর শাখা যুবলীগ (উত্তর) ওই সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগের প্রবীণ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিরোধী দলীয় চীফ হুইপ আব্দুস শহীদও সমাবেশে বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, শুধুমাত্র পরবর্তী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্যই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের প্রস্তাব করা হয়েছে।

আওয়ামী লীগ যুগ্ম - সম্পাদক সুনির্দ্দিষ্টভাবে উল্লেখ করে বলেন, যারা বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানী গ্রহণ করতে বিব্রত বোধ করেন, সেই বিচারকদের অধীনে আওয়ামী লীগ কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না।

তিনি কে এম হাসানের নাম উল্লেখ না করে বলেন, তাদের মধ্যে কাউকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হলে দেশের ১৪ কোটি জনগণ বিব্রত বোধ করবে। 

যুবলীগ (উত্তর) সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মইনউদ্দিন খান বাদল, অধ্যাপক হারুনার রশীদ, ড. মিজানুর রহমান, মুজিবুর রহমান চৌধুরী, আতাউর রহমান খান আতা, বদিউর রহমান বদি, বশীর আব্বাসী ও আবু তাহের খান।