নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ৩০ জন আহত, আটক ৭
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বুধবার দুপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
সংঘর্ষ চলাকালে ৭ টি মাইক্রোবাস ও ৫ টি যাত্রীবাহি বাস ভাংচুর এবং কয়েকটি দোকানে লুটপাট করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে সকাল ১০ টার দিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মফিজের নির্বাচনী শোডাউন কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক সমর্থক ক্যাডাররা হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় বোমা ফাটিয়ে পুরো এলাকায় আতংক সৃষ্টি করা হয়।
সাংসদ সমর্থক হামলাকারীরা এসময় বাজারের ৭/৮ টি দোকান ভাংচুর এবং লুটপাট শুরু করলে বাজারের সাধারণ ব্যাবসায়ী এবং কাজী মফিজ সমর্থকরা একত্রিত হয়ে তাদের ওপর পাল্টা হামলা চালায়। বিক্ষুব্ধ জনতা এসময় হামলাকারীদের বহনকারী ৮টি মাইক্রোবাস এবং ৫ টি যাত্রীবাহী বাস ভাংচুর করে।
সংঘর্ষে পুলিশের কনস্টেবল জালাল উদ্দিন ও আব্দুল হালিম এবং ফারুক, বেলাল, মমিন, জহির আহমেদ, আবু তাহের মেম্বার, বাহার, ওমর ফারুক, দেলোয়ার হোসেন, আলমগীর, আলী আহম্মদ সরকার, ইয়াছিন ও মীর হোসেনসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়।
এদিকে ঘটনাস্থল থেকে ফেরার পথে দুপুর ১২ টার দিকে কানকির হাট বাজারে সাংসদের চাচাতো ভাই আব্দুল্যা আল মামুনের নেতৃত্বে বিএনপি ক্যাডাররা সাংবাদিকদের ওপর হামলা চালায়। তারা দৈনিক আমার দেশ পত্রিকার সেনবাগ প্রতিনিধি শাখাওয়াত হোসেনকে বেদম মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী গুডহিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর বিকেলে নোয়াখালী পৌর হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাজী মফিজ অভিযোগ করেন, সাংসদের ভাই আব্দুল্যা আল মামুন, সেনবাগ পৌরসভার চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরীর নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ছাতারপাইয়া বাজারে তার সমর্থকদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের পরই দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে কাজী মফিজকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
আবদুল্যা আল মামুন জানান, কাজী মফিজের সমর্থকরা আওয়ামী লীগের ছত্রছায়ায় বিএনপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
নোয়াখালী জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ এ বিষয়ে বলেন, প্রশাসন ও জেলা বিএনপির অনুরোধে কাজী মফিজ পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করার পরও তার সমর্থকদের ওপর হামলার ঘটনা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ এ ঘটনায় সাতজনকে আটক করেছে।
নোয়াখালীর অতিরিক্ত পুরিশ সুপার মো. দেলওয়ার হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ তিনি সেনবাগে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
