২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চক্রান্ত করে আবার ক্ষমতায় যাবার চেষ্টা করছে জোট সরকার: আব্দুল জলিল

১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং গণফোরাম সভাপতি ড. কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ বুধবার টুঙ্গীপাড়া বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 01:41 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

টুঙ্গীপাড়া যাবার পথে মাওয়া ফেরি ঘাটে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, ষড়যন্ত্র ও চক্রান্ত করে ক্ষমতাসীন জোট সরকার আবারও রাষ্ট্র ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে। বাংলার মাটিতে এই অপস্বপ্ন বাস্তবায়ন হতে দেয়া হবে না।

তিনি বলেন, দুর্নীতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সন্ত্রাসসহ জোট সরকারের অপশাসনে জাতি আজ অতিষ্ট।

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না বলে তিনি জানান।

টুঙ্গীপাড়া যাবার পথে যাত্রা বিরতির সময় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, অর্থবহ পরিবর্তনের জন্য আজ আমাদের আন্দোলন সংগ্রাম। ‘৭১ সালে সাড়ে সাত কোটি মানুষ যুদ্ধ করেছিল। বর্তমানে ১৪ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে উদ্ধার করতে হবে।’

তিনি বলেন, নীতিহীন রাজনীতি কখনো দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। বর্তমান জোট সরকার নীতিহীন রাজনীতির মাধ্যমেই নিজেদের স্বার্থ হাসিল করে জনগণকে বঞ্চিত করছে। তিনি আরো বলেন, যারা স্বাধীনতা বিরোধী শক্তি ছিল তারাই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল।

মাওয়া ফেরিঘাটে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, সাবেক সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন তাদের অভ্যর্থনা জানান।

এ সময় তাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহাম্মেদ, সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, ডা. মহিউদ্দিন খান আলমগীর, এ্যাড. আব্দুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।