২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল ও মুন্সীগঞ্জে হরতাল পালিত, শোক মিছিলে হামলা, আহত ২০ জন

বরিশালের আগৈলঝাড়া, মেহেন্দিগঞ্জ ও মুন্সীগঞ্জে আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে শোক মিছিলে যুবদল ও ছাত্রদল সমর্থকদের হামলায় কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 12:57 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বিডিনিউজের বরিশাল প্রতিনিধি জানায়, বরিশালের আগৈলঝাড়া ও মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শোক মিছিলে যুবদল ও ছাত্রদল সমর্থকদের হামলায় কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছে।

আহতদের মধ্যে কমল বিশ্বাস, নারায়ণ বিশ্বাস, সুব্রত বাড়ৈ, লিটন অধিকারী ও সমীর মুখার্জীকে আগৈলঝাড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং যুবলীগ নেতা নাদিম মাহমুদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান খোকনকে মেহেন্দিগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আওয়ামী লীগের একটি শোক মিছিল আগৈলঝাড়া উপজেলা চত্বর অতিক্রম করার সময় যুবদল ও ছাত্রদলের সমর্থকরা ওই মিছিলে হামলা চালায়। এ সময় ১৫ জন নেতা কর্মী আহত হয়।

অপরদিকে আওয়ামী লীগ মেহেন্দিগঞ্জ উপজেলা চত্বরে শোক সভার আয়োজন করলে সকাল থেকেই সেখানে যুবদল ও ছাত্রদল সমর্থকরা টহল দিতে থাকে। এ অবস্থায় আওয়ামী লীগ নেতা কর্মীরা সভাস্থল পরিবর্তন করে হেলিপ্যাড এলাকায় সভা শুরু করলে যুবদল ক্যাডাররা সেখানে হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়। এ সময় পাঁচজন নেতাকর্মী আহত হয়।

বিডিনিউজের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানায়, মুন্সীগঞ্জে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়। তবে সাবেক সাংসদ মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে একটি শোক মিছিল শহরের পুরান কাচারি থেকে বের হয়ে দুই কিলোমিটার এগুতেই পুলিশ মিছিলে বাধা দিলে মিছিলটি কাচারিতে ফিরে আসে। এর আগে সকাল ৭ টায় পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনিছুজ্জামানের নেতৃত্বে আরেকটি শোক মিছিল বের হলে একই স্থানে পুলিশ বাধা দেয়।

শোক দিবসকে কেন্দ্র করে শহর ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হরতাল চলাকালে শহরের অধিকাংশ দোকান-পাট বন্ধ ছিল।