প্রধান বিচারপতির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা আদালত অবমাননার সামিল
সরকার সমর্থক আইনজীবীরা দাবি করলেন, প্রধান বিচারপতির বেঞ্চ গঠনের এখতিয়ার নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশ্ন তোলা আদালত অবমাননার সামিল।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পাল্টা অভিযোগ করে বলেন, ‘আওয়ামীপন্থী আইনজীবীদের কারণে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।’
গত ১২ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনে আনা বিভিন্ন অভিযোগের জবাব দিতে গিয়ে ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ বলেন, ‘দলীয় কর্মকাণ্ডের অংশ হিসেবে সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠানকে বিতর্কিত করতেই শীর্ষ কয়েকজন আইনজীবী বিচারকদের হুমকি-ধমকি দিয়ে বিচারকদের ভীতসন্ত্রস্ত করে তুলেছেন’।
খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ জোর দিয়ে বলেন, ‘বিচারপতি নিয়োগ ও স্থায়ীকরণ প্রক্রিয়ায় প্রধান বিচারপতি কার সঙ্গে আলোচনা করে বা না করে রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন তা তার নিজের বিষয়।’
তিনি বিচার বিভাগ ধ্বংসের যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনজীবীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফোরামের যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম ভুইয়া, সদস্য সচিব শাহ খায়রুজ্জামান, বিএনপির আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন।
