২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জ-২ আসনে জনকণ্ঠ সম্পাদক আওয়ামী লীগ প্রার্থী মনোনীত

মুন্সীগঞ্জ -২ (লৌহজং - সিরাজদিখান) আসনে আওয়ামী লীগ তার প্রার্থিতা চূড়ান্ত করেছে। গত ৮ আগস্ট দৈনিক জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদকে এ আসনে মনোনীত করার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত এলাকার নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে জনকণ্ঠ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও মনোনয়নের সত্যতা স্বীকার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 12:20 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিরোধী জোটে নতুন হিসাব - নিকাশ শুরু হয়ে গেছে।

এদিকে এ আসনে বর্তমান সাংসদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান খান সিনহা হচ্ছেন বিএনপির প্রার্থী। বিকল্পধারার বি চৌধুরীও এ আসনে প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।

মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ এরই মধ্যে এলাকায় নির্বাচনী প্রচারণাও শুরু করে দিয়েছেন। তাঁর নিজ বাসভবন লৌহজং উপজেলার মেদীনি মন্ডলে শনিবার প্রথমবারের মতো তিনি নেতা--কর্মীদের সাথে পরিচিত হন। নির্বাচনের কলাকৌশল নিয়েও আলোচনা করেন।

এ পরিচিতি সভায় তিনি বলেন, আজ থেকে আমি আপনাদের জিম্মায়, আপনাদের সুখ দুঃখই আমার সুখ - দুঃখ। দলীয় কোন্দলের প্রতিও সকলকে সতর্ক করে দিয়ে বলেন, আমাদের সকলের মধ্যে সুহৃদ সম্পর্ক থাকবে।

এ সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও এ আসনে ২০০১ সালের আওয়ামী লীগ প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ঢালী মোয়াজ্জেম হোসেন এবং লৌহজং উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ ফকির আব্দুল হামিদ প্রমুখ। সঞ্চালকের দায়িত্বে ছিলেন লৌহজং আওয়ামী সাধারণ সম্পাদক সেলিম আহমেদ মোড়ল।

গত নির্বাচনের প্রার্থী সাগুফতা ইয়াসমিনের কাছে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিডিনিউজকে তিনি বলেন, নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কাজেই তিনি যাকে মনোনয়ন দিয়েছেন সবাই তা মেনে চলবো এবং প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।