ক্যাস্ত্রোর জন্মদিন উপলক্ষে ঢাকায় সমাবেশ: কিউবান নেতা বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা
বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে বামপন্থি রাজনীতিবিদদের কাছে কিউবার মহান নেতা ফিদেল ক্যাস্ত্রো অনুপ্রেরণার উৎস।
ক্যাস্ত্রোর ৮০তম জন্মদিন উপলক্ষে ঢাকায় আয়োজিত এক সমাবেশে বক্তারা এই নেতাকে এভাবেই শুভেচ্ছা জানান।
বাংলাদেশের কিউবা সম্প্রীতি ও সংহতি সমিতি এবং ফিদেল ক্যাস্ত্রোর জন্মদিন উদযাপন কমিটি যৌথভাবে তাজুল মেমোরিয়াল অডিটরিয়ামে রোববার এ সংহতি সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ফয়েজ আহমেদ।
ক্যাস্ত্রোকে হত্যার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাক্কারজনক প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের নাকের ডগায় কিউবার অবস্থান। বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে বামপন্থিদের কাছে অনুপ্রেরণার উৎস কিউবার এই মহান নেতা।
তারা বলেন, ক্যাস্ত্রোর জন্মদিন পালন শুধু আনুষ্ঠানিকতা নয়। জন্মদিন পালন কিউবার জনগণের প্রতি সংহতি ও ঐক্য প্রকাশ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন আরও শক্তিশালী করার আহ্বান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আবুল মকসুদ, রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রনো এবং মোশারেফা মিশু। সমাবেশ শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
