কাগজপত্র না পাওয়ায় উপ - নির্বাচন সংক্রান্ত হাইকোর্টের স্থগিতাদেশের জবাব দিতে পারছে না নির্বাচন কমিশন
দিনাজপুর - ৩ এবং কুমিল্লা - ৮ আসনে উপ নির্বাচনের সময়সূচি কেন অবৈধ ঘোষণা করা হবে না - ১৫ দিনের মধ্যে এর কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন হাইকোর্ট।
কিন্তু সাত দিন পার হয়ে গেলেও নির্বাচন কমিশন রোববার পর্যন্ত আদালত থেকে আদেশের কোনো কপি জোগাড় করতে পারেনি। ফলে এখন পর্যন্ত এর জবাবও দিতে পারেনি কমিশন।
উপনির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দুটি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট বিচারপতি সৈয়দ দস্তগীর এবং বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ উপনির্বাচন অনুষ্ঠানের নির্ধারিত সময়সূচি কেন অবৈধ হবে না Ñ এ ব্যাপারে নির্বাচন কমিশনকে দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন।
নির্বাচন কমিশন সচিব এবং যুগ্ম সচিব (আইন) রোববার বিডিনিউজকে জানান, তারা হাইকোর্ট থেকে এখনও এ সংক্রান্ত কাগজপত্র পাননি। এ কারণে কারণ দর্শানোর আদেশের জবাবও দিতে পারছেন না।
নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সরকার বিডিনিউজকে বলেন, আদালত থেকে আমরা এখনও কাগজপত্র পাইনি। কাগজপত্র পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণ করব।
হাইকোর্টের আদেশের সম্ভাব্য জবাব কী হতে পারে জানতে চাইলে তিনি বলেন, কাগজপত্র পাওয়ার পরই সে ব্যাপারে সিদ্ধান্ত হবে।
শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন দেওয়ার ব্যাপারে সংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ১৪ জুলাই সংসদ সদস্য খুরশিদ জাহান হকের মৃত্যুতে দিনাজপুর - ৩ আসনটি শূণ্য হয়ে যায়। এর আগে ২৫ জুন কর্নেল (অব.) আকবর হোসেনের মৃত্যুতে শূণ্য হয় কুমিল্লা - ৮ আসন। সেপ্টেম্বরের ১২ তারিখে দিনাজপুর - ৩ এবং ২৩ তারিখে কুমিল্লা - ৮ আসনে উপনির্বাচন অনুষ্ঠানের মেয়াদ শেষ হয়ে যাবে।
নির্ধারিত সময়ের বাধ্যবাধকতার কারণে উপনির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে স্বীকার করলেন নির্বাচন কমিশন সচিব। কোর্টের আদেশ অনুযায়ী সকল সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে বলে তিনি জানান।
এর আগে ২৬ জুলাই নির্বাচন কমিশন ওই দুই আসনে ৭ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে। সে অনুযায়ী ১৩ আগস্ট ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ।
এ ব্যাপারে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (আইন) একেএম সলিমুল্লাহ রোববার বিডিনিউজকে জানান, যত শিগগিরই সম্ভব আদালতের কাগজপত্র তারা হাতে পাওয়ার অপেক্ষায় আছেন। এ ব্যাপারে একজন কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে বলেও তিনি জানান। তবে আদেশের সম্ভাব্য জবাব কী হতে পারে সে ব্যাপারে কিছু জানাতে তিনিও অস্বীকৃতি জানান।
উপনির্বাচনের অনুষ্ঠানের সময়সূচির বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা - ৮ আসনের ১০ নাগরিক নাসিরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি এবং দিনাজপুর - ৩ আসনের ৫ নাগরিক খালেকুজ্জামানের নেতৃত্বে অপর একটি রিট আবেদন করেন।
আবেদনে তারা বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার মাত্র ৬৪ দিন বাকি। নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী নির্বাচিত হলে নির্বাচিত সাংসদরা বর্তমান জাতীয় সংসদে মাত্র এক মাস পাঁচ দিন সময় পাবেন। এতে করে শুধু বিপুল পরিমাণ অর্থেরই অপচয় হবে।
