২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যার সাথে বিএনপি নেতৃত্ব জড়িত: হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন বিএনপি নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার সাথে সরাসরি জড়িত ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 09:51 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

বিএনপি-জামায়াত জোট ওই খুনিদের প্রত্যক্ষভাবে পৃষ্ঠপোষকতা করছে। তারাই খুনিদের জাঁকজঁমকপূর্ণ জীবন-যাপনে সাহায্য করছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বর্তমান বাংলাদেশ’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বিচারপতি কেএম সোবহান।

আলোচনায় অংশ নেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. এসএ মালেক, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, অধ্যাপক মমতাজউদ্দিন আহম্মেদ, অধ্যাপক শামসুজ্জামান খান ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।

শেখ হাসিনা অভিযোগ করেন, ভূয়া পাসপোর্টের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যাকারীরা দেশে ফিরেছে। মামলা থেকে রক্ষা করে তাদের বিদেশে মিশনে চাকরি দেওয়া হয়েছে। হত্যাকারীদের মধ্যে অন্যতম মেজর নূর ভূয়া পাসপোর্টের মাধ্যমে গত ২১ আগষ্ট দেশে এসেছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করছে। হত্যাকারীদের পৃষ্ঠপোষকতাই কি প্রমাণ করে না যে তারা বঙ্গবন্ধু হত্যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত?

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা লেবাননে চলমান যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে লেবাননে যুদ্ধ ও সাধারণ জনগণ হত্যা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। সেখানে যুদ্ধ বন্ধ করে অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করুন।

তিনি বলেন, তার দল কোনো অবস্থাতেই যুদ্ধকে সমর্থন করবে না। যুদ্ধের জন্য যে অর্থ ব্যয় হয় সে অর্থ গরীব শিশুর জন্য বরাদ্দ দেওয়া হলে তাদের অপুষ্টি রোধ করা সম্ভব।