দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা
দিনাজপুর মেডিকেল কলেজে (দিমেক) ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
কলেজ মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত ছাত্র -- শিক্ষক ও অভিভাবকদের এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো এর প্রতিবাদ জানিয়েছে।
কলেজ সূত্র জানায়, অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বিষয়ে ছাত্র -- শিক্ষক ও অভিভাবকদের ওই সমাবেশে উপস্থিত অভিভাবকদের ভোট নেওয়া হয়।
এতে ১৬৫ জন অভিভাবকের মধ্যে ১৫৬ জন ছাত্র রাজনীতি বন্ধ করার পক্ষে এবং একজন বিপক্ষে ভোট দেন। বাকি ভোটগুলো পদ্ধতিগত কারণে বাতিল হয়ে যায়। সমাবেশে কোনো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনকে ডাকা হয়নি।
এদিকে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ করার ঘোষণায় তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাইফুল বারীর কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাব।
অন্যদিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ -- সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুকুর চৌধুরী বলেন, দিনাজপুর মেডিকেল কলেজের এসব সিদ্ধান্তের ব্যাপারে আমার কিছুই জানা নেই। কলেজ প্রশাসন এ ধরণের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারই রাখে না।
ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি ইমরান লতিফ সেতু বলেন, ছাত্র রাজনীতি বন্ধের কোনো ক্ষমতা দিমেক প্রশাসনের নেই।
দিমেক ক্যাম্পাস, হাসপাতাল মোড় ও শহরের কয়েকটি স্থানে ২৯ জুলাই বিকাল থেকে রাত ১২ টা পর্যন্ত হোস্টেলের সিট বন্টন নিয়ে দফায় দফায় হামলা ও সংঘর্ষের কারণে দিনাজপুর মেডিকেল অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়।
এরপর কলেজ আবার খুলে দেওয়ায় ছাত্ররা ফিরে আসছে। ব্যাপক পুলিশি প্রহরার মধ্য দিয়ে ছাত্ররা হোস্টেলে উঠছে। প্রশাসনের পক্ষ থেকে হোস্টেলের সকল সিট পুনর্বন্টন করা হয়।
