১৯৭১ এ সাঈদী রাজাকার ছিলেন না: মেজর হাফিজ, বীর বিক্রম
বাণিজ্য মন্ত্রী, বিএনপি নেতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ, বীর বিক্রম বললেন, ’৭১ সালে জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদী রাজাকার ছিলেন না। এ ব্যাপারে তার সাক্ষাতকার নিয়েই সংবর্ধনায় যোগ দিয়েছি।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার জামায়াতে ইসলামীর সাংসদ দেলওয়ার হোসাইন সাঈদীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পিরোজপুর - ১ আসনের উন্নয়নে অবদান রাখার জন্য পিরোজপুর ফোরাম স্থানীয় সাংসদ জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর এ সংবর্ধনার আয়োজন করে।
ফোরামের সভাপতি নূর মোহাম্মদ আঁকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান, সাংসদ দেলওয়ার হোসাইন সাঈদী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জেলা জামায়াতের আমীর তোফাজ্জল হোসেন ফরিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ বলেন, আমি সাক্ষাতকার নিয়ে দেখেছি, ’৭১ সালে সাঈদী একটি প্রত্যন্ত গ্রামের মাদ্রাসার নিরীহ ছাত্র ছিলেন। ’৭৩ সাল পর্যন্ত তিনি ঢাকা শহরও দেখেননি। নিজের যোগ্যতায় আজ শুধু দেশে নয়, সারাবিশ্বে তিনি পরিচিতি লাভ করেছেন। একজন পন্ডিত ও রাজনীতিক হিসেবে তার কোনো অহংকার নেই। দেশে তার মতোই জনপ্রতিনিধি প্রয়োজন।
বাণিজ্য মন্ত্রী বিরোধী দলের সমালোচনা করে বলেন, তাদের আন্দোলন ও রাজনীতি বর্তমানে মিডিয়া কেন্দ্রীক। দক্ষিণাঞ্চলের অনেক নেতাই এখন শুধুমাত্র মিডিয়ার নেতা। একাধিক আসনে বিপুল পরাজিত নেতারা মিডিয়ার সামনে বক্তব্য রেখে সরকারের পতন ঘটাতে চায়। তাদের সাথে জনগণ নেই।
তিনি অভিযোগ করেন বলেন, জলিল সাহেব ১৪ দল নিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায়, অথচ তিনি নিজেও ওই ১৪ দলের নাম বলতে পারবেন না। বিরোধী দল নির্বাচন বানচালের জন্য নির্বাচন কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলে ধুম্রজাল সৃষ্টির চেষ্টা করছে। তাদের এ তৎপরতা ঐক্যবদ্ধভাবে রুখতে হবে।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে কথা বলার রাজনীতি। তারা বলে, তাদের নেতা বাংলাদেশ স্বাধীন করেছে। আসলে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আর আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আর তারা হোটেলে বসে ছিলেন। হোটেলে বসে থেকে দেশ স্বাধীন করা যায় না।
দেলওয়ার হোসাইন সাঈদী বলেন, বিশ্বের সকল মুসলমানরা আজ নির্যাতিত। বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাই যে কোনো মূল্যে আওয়ামী লীগের বিজয়কে রুখতে হবে।
তিনি বলেন, বিরোধী দল পুলিশ, বিডিআর বা র্যাব কাউকেই বিশ্বাস করে না। তারা তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের দাবি তুলেছে। কাকে ওই পদে বসালে তারা বিশ্বাস করবে। মনে হয়, ভারত থেকে দাদাবাবুদের আনলে তারা বিশ্বাস করবে।
