ইংল্যান্ডে ড্রাগ পাচারের সঙ্গে জামায়াত জড়িত: হাসিনা
সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ থেকে ইংল্যান্ডে ড্রাগ পাচারের সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত।
স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নব নির্বাচিত নেতারা বুধবার সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে ধানমণ্ডির কার্যালয়ে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি -- জামায়াত জোটের আশ্রয় - প্রশ্রয়ে সারা দেশে বোমা ও গ্রেনেড হামলা চালিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে বোমা -- গ্রেনেড হামলা চালিয়ে এই চিহ্নিত জঙ্গীরা আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীকে হত্যা করেছে। তারা ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একই সময় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এ সব হামলার সাথে জড়িত শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইকে সাব জেলে রাখা হয়েছে জামাই আদরে।
তিনি নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, এখন দেশের রাজনীতিকে কলুষিত করা হয়েছে। যারা দেশের মানুষের জন্য রাজনীতি করতে চায়, তাদের জন্য রাজনীতি কঠিন করা হয়েছে। জেনারেল জিয়া অস্ত্র ঠেকিয়ে ক্ষমতায় এসে বলেছিলেন, ‘আমি রাজনীতি কঠিন করে দেব।’ রাজনীতিকে কলুষিত করার ধারাবাহিকতায় খালেদা জিয়া তার পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন।
শেখ হাসিনা বলেন, কালো টাকা, অস্ত্র ও ড্রাগ দিয়ে জোট সরকার যুব সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কালো টাকা দিয়ে সরকার মানুষের ভোটাধিকার হরণ করার পাঁয়তারা করছে।
এ সময় দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
