২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষক কর্মচারিদের বেতন ১০০ ভাগ করার দাবি মানতে হলো সরকারকে: তবে অন্য দাবিতে আন্দোলন চলবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন শিক্ষক নেতারা

সরকার অবশেষে বেসরকারি শিক্ষক কর্মচারিদের বেতন ১০০ ভাগে উন্নীত করার মূল দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। বেতন - ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের অনমনীয় ধর্মঘটের ফলে সারাদেশের শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সরকারের এই দাবি মেনে নেওয়ার বিষয়টি  নিশ্চিত করেন।

তবে আন্দোলনরত শিক্ষক কর্মচারি সংগঠনের নেতারা বলছেন, তাদের অন্যান্য দাবি মেনে না নেওয়ায় আন্দোলন অব্যাহত থাকবে। 

শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষক - কর্মচারিদের মূল দাবি হচ্ছে তাদের বেতন ৯০ শতাংশ থেকে ১০ শতাংশ বাড়িয়ে ১০০ ভাগে উন্নীত করা। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষক কর্মচারি নেতাদের সঙ্গে আলাপ - আলোচনার ভিত্তিতে সরকার তাদের এই দাবিটি মেনে নিয়েছে। অবিলম্বে এই দাবি কার্যকর করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি করে তা নগদ অর্থে পরিশোধ করা হবে। সরকারের কাছে এই মুহূর্তে যথেষ্ট নগদ অর্থ না থাকায় বাকি পাঁচ শতাংশ অর্থ পরিশোধ করা হবে বন্ডের মাধ্যমে। সরকারি কোষাগারে অর্থ জমা হলে শিক্ষক কর্মচারিরা এসব বন্ড ভাঙাতে পারবেন।

শিক্ষামন্ত্রী শিক্ষকদের আন্দোলন ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আন্দোলনের প্রেক্ষিতে তাদের বেতনের সরকারি অংশ ১০০ শতাংশ করার দাবি মেনে নেওয়া হয়েছে। তবে বাড়িভাড়া, উৎসব ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি জানান, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সাথে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আন্দোলনের অনেক আগে থেকেই সরকার এ ব্যাপারে প্রক্রিয়া শুরু করেছিল।

ড. ওসমান ফারুক জানান, দেশের প্রায় ২৭ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ লাখ শিক্ষক রয়েছেন। এসব প্রতিষ্ঠান সরকারি হলেও এর বেতনের বেশিরভাগই সরকারি তহবিল থেকে যায়। এসব প্রতিষ্ঠানের বেতন ভাতা পরিশোধে সরকারকে বর্তমানে প্রায় দুই হাজার ৯০০ কোটি টাকা ব্যয় করতে হয়।

তিনি জানান, শিক্ষকদের সকল দাবি মেনে নিলে সরকারের এজন্য আরো প্রায় দুই হাজার ২০০ কোটি টাকা লাগবে। যা শিক্ষা খাতে মূল বাজেটের চেয়ে বেশি। এর মধ্যে চিকিৎসা ভাতা বাবদ ৩০০ কোটি, উৎসব ভাতা বাবদ ৫০০ কোটি এবং বাড়িভাড়া বাবদ এক হাজার ২০০ কোটি টাকা লাগবে। আর্থিক সংকুলানের অভাবে সব দাবি মেনে নেওয়া সম্ভব হয়নি।

তিনি শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে তালা দিয়ে দাবি আদায়ের আন্দোলন বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকদের এ পন্থা পরিহার করতে হবে। শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করে শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। কোনো প্রয়োজন থাকলে এ বিষয়ে সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন ও শিক্ষা সচিব উপস্থিত ছিলেন।

এদিকে শিক্ষক কর্মচারি ঐক্যজোট (সেলিম ভূঁইয়া) রোববারই মুক্তাঙ্গনে বিশাল সমাবেশ করে এবং ঐক্যজোটের অপর অংশ (শরিফুল) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করে মহাঅবস্থান কর্মসূচির।

জাতীয় শিক্ষক - কর্মচারি ফ্রন্টের প্রধান আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বিডিনিউজকে বলেন, সরকার যে পাঁচ শতাংশ বেতন বন্ডের মাধ্যমে পরিশোধ করার কথা বলছে তা মূলত শিক্ষকদের সাথে প্রতারণা করা। কারণ এ সরকার তা পূরণ করতে পারবে না। এ ছাড়াও তিনি বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতার কথা উল্লেখ করে বলেন, এগুলো প্রধান দাবি হলেও তা পূরণ করা হয়নি।       

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক বিডিনিউজকে বলেন, সরকার প্রতিশ্র“তি ভঙ্গ করেছে। তারা শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে আন্তরিক নয়। ১০০ ভাগ বেতনের ঘোষণা দেওয়া হলেও বাড়ি ভাড়া, মেডিকেল ইনক্রিমেন্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি তারা এড়িয়ে গেছে। তাই এগুলো মেনে না নেওয়া পর্যন্ত শিক্ষা ধর্মঘট অব্যাহত থাকবে।  

শিক্ষক কর্মচারি ঐক্য ফ্রন্ট এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য ৮ আগস্ট জেলা প্রতিনিধিদের জরুরি প্রতিনিধি সভা আহ্বান করা হয়েছে।

তবে সরকার সমর্থক শিক্ষক কর্মচারি ঐক্য জোট’র একাংশের সমন্বয়ক সেলিম ভূঁইয়া সরকারের ওই সিদ্ধান্তকে স্বাগত এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা একই সঙ্গে শিক্ষা ধর্মঘট প্রত্যাহার করার জন্যও শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত বেসরকারি শিক্ষক কর্মচারি ফ্রন্ট ছাড়াও শিক্ষক কর্মচারি ঐক্য জোট, বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (মনসুর), কারিগরি কলেজ শিক্ষক সমিতির প্রায় ২৫ হাজার শিক্ষক কর্মচারি দীর্ঘদিন ধরে বেতন ১০০ ভাগ করাসহ বিভিন্ন দাবিতে শিক্ষা ধর্মঘট, অনশন, মন্ত্রী - সাংসদদের বাসভবন ঘেরাও, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে।