আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বিএনপি একাই যথেষ্ট: মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বিএনপি একাই যথেষ্ট। তারপরও আমরা চাই চার দলীয় জোট টিকে থাকুক। জোটে যারা যোগ দিতে চায়, তাদের আমরা স্বাগত জানাই। জোটে যত দল থাকবে ততই সরকার বিরোধী আন্দোলন কম হবে।
বুধবার মুক্তাঙ্গনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মহানগর বিএনপির সভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাংসদ খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব গয়েশ্বর রায়, শ্রম প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বরকতউল্লা বুলু, আব্দুস সালাম প্রমুখ।
সমাবেশ চলাকালে ডেমরা থানা বিএনপির সাংসদ সালাউদ্দিন ও নবি উল্লাহ নবি গ্র“পের মধ্যে হাতাহাতি ও মৃদূ সংঘর্ষ হয়।
পরে মান্নান ভূঁইয়া ও সাদেক হোসেন খোকার নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি মুক্তাঙ্গন থেকে বেরিয়ে কাকরাইল হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
মান্নান ভূঁইয়া আবারো বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংস্কার ইস্যুতে আমরা এখনো আলোচনার জন্য প্রস্তুত আছি। আসুন আলোচনায় বসে সমস্যার সমাধান করি। সংস্কারের প্রয়োজন হলে সরকারের ক্ষমতা থাকতেই আলোচনা করে সমাধান করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপিকে বাদ দিয়ে কোনো সংস্কার হবে না।
তিনি বিরোধী দলের বিরুদ্ধে নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ করে বলেন, বিরোধী দল বলছে সংস্কার ছাড়া তারা কোনো নির্বাচনে যাবে না, কোনো নির্বাচন হতেও দেবে না। কিন্তু তারা সংস্কার নিয়ে আলোচনাতেও বসছে না। প্রকৃতপক্ষে তারা সংস্কার চায় না। তারা নির্বাচন বানচাল করতে চায়। ঐক্যবদ্ধভাবে এদের রুখতে হবে।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিরোধী দল গত সাড়ে চার বছরে জনগণের জন্য কোনো কাজ করেনি। তারা শুধুমাত্র দেশ বিরোধী ও দেশের অর্থনীতি ধ্বংস করার চক্রান্ত করেছে। তাই দেশের মানুষ তাদের সাথে নেই। এজন্য তারা হতাশ হয়ে পড়েছে। জাতীয় পার্টি চারদলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করায় তাদের মাথা খারাপ হয়ে গেছে।
স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বিরোধী নেত্রীর বিরুদ্ধে জঙ্গিবাদে উস্কানী দেওয়ার অভিযোগ করে বলেন, শেখ হাসিনা যুবলীগের সাধারণ সম্পাদকের দুলাভাইকে দিয়ে দেশে জঙ্গিবাদ কায়েম করার চেষ্টা করেছে। কিন্তু খালেদা জিয়া কঠোর হাতে জঙ্গিবাদ দমন করেছেন। তাই তারা হতাশ হয়ে পড়েছে।
