২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় নেতাকর্মীদের জোট প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড় ও ঝিনাইদহ জেলার তৃণমূল নেতাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দলীয় ও জোট প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

তবে তৃণমূল নেতারা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, দেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আগামী নির্বাচনে প্রভাব পড়বে। এছাড়াও বিভিন্ন স্থানে একাধিক প্রার্থী এবং দলীয় কোন্দল দলকে ভোগাবে।

এজন্য নেতারা বিভিন্ন স্থানে দলের কোন্দল নিরসন এবং প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সতর্ক থাকতে দলীয় প্রধানকে পরামর্শ দেন।

বিভিন্ন স্তরের তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে বৈঠকের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী রোববার তার সান্ধ্যকালীন কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পঞ্চগড়ের দুটি ও ঝিনাইদহের চারটি নির্বাচনী এলাকার জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করেন।

পঞ্চগড়-১ আসনের সাংসদ জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছাড়া অন্য চারজন সাংসদই এ বৈঠকে যোগ দেন।

সূত্র জানায়, বৈঠকে তৃণমূল নেতারা বিভিন্ন আসনের সাংসদদের বিরুদ্ধে দলীয় কোন্দল জিইয়ে রাখা এবং দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ না রাখার অভিযোগ করেন। তবে এ ব্যাপারে নেতাদের কেউই সাংবাদিকদের সামনে মুখ খুলেননি।

এ দুটি এলাকার ছয়টি আসনের মধ্যে পাঁচটিই বর্তমান ক্ষমতাসীন বিএনপির দখলে রয়েছে। ঝিনাইদহ-১ আসনে দলীয় কোন্দলের কারণে দলীয় প্রার্থী আব্দুল ওয়াহাব গত নির্বাচনে পরাজিত হন।

সূত্র জানায়, স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের আসন পঞ্চগড়-১ এ সাবেক আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজের ছেলে এবার মনোনয়ন প্রত্যাশী। কিন্তু নেতারা স্পিকারকে সুস্থ হিসেবে উল্লেখ করে এবারও তাকেই মনোনয়ন দেওয়ার দাবি জানান।

ঝিনাইদহ-১ আসনের প্রার্থী ওয়াহাব অভিযোগ করেন, সাবেক পৌর চেয়ারম্যান ও গত নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী খলিলুর রহমান এবারও মনোনয়ন না পেলেও প্রার্থী হতে পারেন। এ ব্যাপারে দল থেকে আগেই তাকে সতর্ক করে দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান।

পরে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বিরোধী বলেন, এর আগে আওয়ামী লীগও এরশাদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল। তার মহাসচিবকে মন্ত্রী করেছিল। এবারও জোটে নেওয়ার জন্য আওয়ামী লীগ এরশাদের সাথে যোগাযোগ করেছে। তখন কি তিনি দূর্নীতিবাজ ছিলেন না?

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের জনপ্রিয় নেতাদেরই মনোনয়ন দেওয়া হবে। তিনি কালো নাকি সাদা টাকার মালিক তা বিবেচনা করা হবে না। কারণ কালো টাকার বিষয়টি প্রমাণসাপেক্ষ। এটা প্রমাণের কোনো সুযোগ নেই।