ভিত্ নড়ে গেছে বলে তারা এখন স্বৈরাচারের দ্বারে দ্বারে ঘুরছে: ১৪ দল
আওয়ামী লীগসহ ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, বিরোধী দলের আন্দোলনের মুখে সরকারের ভীত নড়ে গেছে। জনবিচ্ছিন্ন হয়ে তাদের পায়ের নিচের মাটি সরে গেছে। জনগণের ওপর আস্থাও হারিয়ে ফেলেছে তারা। তাই ক্ষমতা কুক্ষিগত রাখতে এখন দুয়ারে দুয়ারে ধর্ণা দিচ্ছে তারা।
পঞ্চম দিনের পদযাত্রা কর্মসূচি শুরুর আগে শনিবার পুরান ঢাকার বাবুবাজারে আয়োজিত এক বিশাল সমাবেশে তারা এ কথা বলেন।
নেতৃবৃন্দ এরশাদের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাত ও বৈঠক প্রসঙ্গে বলেন, জোট সরকারের মরণকালে এখন তারা স্বৈরাচারের পায়ে ধরছে। কিন্তু এতে কোনো লাভ হবে না। কারণ জোট দু:শাসনে অতিষ্ঠ জনগণ সরকারের প্রতি তাদের অনাস্থা জানিয়ে দিয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের মানুষ এই ব্যর্থ শোষক জোটকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সরকার গঠনের। আগামীতে সংস্কারের ভিত্তিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদায় করে ১৪ দলের পক্ষেই রায় দেবে তারা।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এমপি, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়–য়া, সৈয়দ জাফর সাজ্জাদ, মুকুল বোস, অ্যাডভোকেট এনামুল হক, মফিজুল ইসলাম খান কামাল, আফম বাহাউদ্দিন নাসিম, কামরুল আহসান, শরাফত আলী হিরা, অ্যাডভোকেট শফিকুর রহমান, হারুন চৌধুরী, শাহে আলম মুরাদ, আব্দুল হক সবুজ, সাবিনা আখতার তুহিনসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
সাবেক সাংসদ হাজী মোহাম্মদ সেলিম সমাবেশটি পরিচালনা করেন।
ওমর আলীর সভাপতিত্বে নয়াবাজারে অনুষ্ঠিত অপর সমাবেশে বক্তব্য রাখেন মইনউদ্দিন খান বাদল, ড. আব্দুর রাজ্জাক এমপি ও মোস্তফা মহসীন মন্টু।
এদিকে রাজধানীতে সিপিবি’র অপর এক সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, ক্ষমতায় যাওয়া নিশ্চিত করতে বড় দুই দলই পতিত স্বৈরাচারকে নিয়ে নীতিহীন খেলায় মেতেছে। দেশের দ্বিদলীয় রাজনীতির দেউলিয়াপনার উলঙ্গ বহিঃপ্রকাশ এটি। তারা বলেন, এই নীতিহীন রাজনীতি দেশের জন্য কোনো শুভফল বয়ে আনবে না।
সিপিবি’র মহানগর সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সভাপতি মঞ্জুরুল আহসান খান, কেন্দ্রীয় নেতা সৈয়দ আবু জাফর আহমেদ ও রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।
