ভাঙ্গার একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সভা আহ্বানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রশিকা ভবনে শনিবার বিকেলে ১৪৪ ধারা জারির ফলে আওয়ামী লীগ ও বিএনপি কোনও দলই সভা করতে পারেনি।
জানা গেছে, একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির সভা আহ্বানকে কেন্দ্র করে দুপুর ১টা থেকে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। পরে অবশ্য দু দলই পৃথক স্থানে সমাবেশ করে।
প্রসঙ্গত, শনিবার বিকেলে প্রশিকা ভবনের হলরুমে উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন করার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতারা গত ২০ জুলাই কর্তৃপক্ষের অনুমতি নেয়। কিন্তু হঠাৎ করেই বিএনপিও একই স্থানে কর্মীসভা আহ্বান করলে উভয়দলের নেতাকর্মিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করলে কেউই সভা করতে পারেনি।
পরে স্থানীয় চাঁদনী সিনেমা হলে উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪৪ ধারা জারি নিয়ে উভয় দলের নেতাকর্মিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সম্ভাব্য সংঘাত এড়াতেই প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে।
