২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা সদরে ১৪ দলের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালিত

আইন -- শৃঙ্খলা রক্ষাকারীদের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ১৪ দল তাদের পদযাত্রা কর্মসূচির চতুর্থ দিন শুক্রবার দেশের প্রতিটি জেলা সদরে শান্তিপূর্ণভাবে পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন। তারা প্রতিটি জেলা সদরের প্রধান সড়ক ধরে পাঁচ কিমি রাস্তায় পদযাত্রা করেন।

প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই কমিশনারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে ১৪ দল মঙ্গলবার থেকে ছয় দিনের পদযাত্রা কর্মসূচি পালন করছে।

বিডিনিউজ চট্টগ্রাম প্রতিনিধি জানান, চট্টগ্রাম সদরে ১৪ দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং কর্মসূচি থেকে তারা সরকার উচ্ছেদের অঙ্গীকার ব্যক্ত করেন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতাকর্মীরা বন্দর নগরীর তিনটি পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করে বিকেল সাড়ে চারটায় কেসি দে রোডে শহীদ মিনারে এসে সমবেত হয়।

নগরীর ওয়াসা ক্রসিং থেকে শুরু হওয়া পদযাত্রায় খোরশেদ আলম সুজন, দেওয়ানহাটে ড. আশরাফুল আমিন এবং চকবাজারে কাজী এনামুল হক দানু নেতৃত্ব দেন। পদযাত্রা শুরু হওয়ার পর অনেক লোক এসে তাতে যোগ দেয়।

কর্মসূচি চলাকালে নগরীতে র‌্যাব, পুলিশ ও দাঙ্গা পুলিশের পাঁচ শ’ সদস্য মোতায়েন ছিল।

র‌্যাবের মহিলা দলসহ অন্য সদস্যরা পদযাত্রার সঙ্গেই ছিল এবং অপর সদস্যরা নগরীর উঁচু ভবন থেকে পদযাত্রার ওপর কড়া নজরদারি চালায়।

পদযাত্রা শেষে শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী আবারও জোট সরকারকে উচ্ছেদের লক্ষ্যে অসহযোগ আন্দোলন কর্মসূচি শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তার বক্তব্যের সময় তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হাত তুলে তাদের প্রতিশ্র“তি আদায় করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক দানু এবং ড. জ্যোতিপ্রকাশ দত্ত বক্তব্য রাখেন।

শহীদ মিনারে সমাবেশ শেষে একটি মিছিল বের হয় এবং মিছিলটি নিউমার্কেট হয়ে রেলওয়ে চত্বরে গিয়ে শেষ হয়।

বিডিনিউজ নরসিংদী প্রতিনিধি জানান, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জনগণ জেলা সদর দপ্তর থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে ঢাকা- সিলেট মহাসড়ক ধরে এগিয়ে যায়। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো নাশকতার আশঙ্কা করলেও পদযাত্রায় অনাকাঙ্খিত কোনও ঘটনা ঘটেনি।

এ ছাড়া দিনাজপুর, ফরিদপুর ও মেহেরপুরের বিডিনিউজ প্রতিনিধিরাও ওই জেলাগুলোতে ১৪ দলের স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার সংবাদ পাঠিয়েছেন। দিনাজপুর জেলা শহরতলীর ১নং চেহেলগাজী ইউপি’র বটতলা থেকে প্রায় ছয় কিলোমিটার রাস্তা জুড়ে এক বিশাল পদযাত্রা বাহাদুর বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ. লীগ নেতা ইকবালুর রহিম, জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. আজিজুল ইমাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজার প্রমুখ।

ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে বিকেল সোয়া ৫টায় পদযাত্রা শুরু হয়। পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে পদযাত্রা শেষ হয়।

মেহেরপুর জেলা আ. লীগের পদযাত্রা কর্মসূচিতে স্বতঃস্ফ’র্তভাবে অংশ নেয় সর্বস্তরের জনতা। জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে আমঝুপি বাজারে এসে শেষ হয়। পরে আমঝুপি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন আহম্মেদ চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মিয়াজান আলী, গোলাম রসুল সাবেক সাংসদ মকবুল হোসেন প্রমুখ।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঢাকায় শনিবার একটি পদযাত্রা নয়াবাজার ব্রিজ থেকে শুরু হয়ে মুক্তাঙ্গনে গিয়ে শেষ হবে এবং রোববার অপর একটি পদযাত্রা আমিনবাজার থেকে রাসেল স্কায়ারে এসে শেষ হবে।

এর আগে ১৪ দল রাজধানীতে কয়েকটি পদযাত্রা কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার একটি পদযাত্রা আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে মহাখালীতে এসে শেস হয় এবং বুধবার অপর একটি পদযাত্রা নারায়ণগঞ্জের লিংক রোড থেকে শুরু হয়ে যাত্রাবাড়িতে এসে শেষ হয়। এছাড়া বৃহস্পতিবার সারা দেশে প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে থানা সদর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।