১৬ যুদ্ধ বিমান কেনায় আবারো ৩য় পক্ষের বিরুদ্ধে কমিশন ভাগাভাগির অভিযোগ
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৃহস্পতিবারের সভায় আবারো বিরোধী দলের পক্ষ থেকে ১৬টি যুদ্ধ বিমান কেনায় তৃতীয় পক্ষের বিরুদ্ধে কমিশন ভাগাভাগির অভিযোগ তোলা হয়েছে।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্র জানায়, প্রতিরক্ষা ক্রয় পরিদপ্তরের মহাপরিচালকের বক্তব্যের পর বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হলে সরকারি দলের সদস্যদের আপত্তির মুখে এ বিষয়ে আলোচনা বন্ধ হয়ে যায়।
কমিটির সভাপতি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে অনুমান নির্ভর আলোচনা শুধু কালক্ষেপন মাত্র।
কমিটি ১৯৭২ সালের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আদেশে ‘মুক্তিযোদ্ধা’ শব্দটির সংজ্ঞা নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে আদেশটি সংশোধনের পক্ষে মত প্রকাশ করে।
১৯৭২ সালের ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট’ আদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধে অংশ নিয়ে খেতাবপ্রাপ্ত সশস্ত্র বাহিনী, পুলিশ, বেসামরিক গণবাহিনী ও সরকার পেনশন প্রাপ্ত কোনো ব্যক্তিই মুক্তিযোদ্ধার সংজ্ঞার আওতায় পড়েন না। ফলে খেতাবপ্রাপ্ত ২৯১ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে ট্রাস্টের সব ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন।
মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি সংশোধনের উদ্যোগ নিয়েছে। কমিটিও বিষয়টি সংশোধনের জন্য চূড়ান্ত সুপারিশ করবে।
বৈঠকে জানানো হয়, গত ১৬ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেজাউল করিম মুক্তিযোদ্ধার সংজ্ঞা সংশোধনের জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর কাছে একটি ডিও প্রদান করেছেন। পরিবর্তিত সংজ্ঞায় বলা হয়েছে, যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তারা সকলেই মুক্তিযোদ্ধা।
