২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের পদযাত্রার তৃতীয় দিনে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ

১৪ দল আয়োজিত ধারাবাহিক পদযাত্রা কর্মসূচির তৃতীয় দিনে বৃহস্পতিবার দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে লাখ লাখ মানুষ বিক্ষোভ প্রদর্শণ করেছে। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নতুন নির্বাচন কমিশন গঠন এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবিতে বিরোধী জোট এ কর্মসূচির ডাক দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ছয় দিন ব্যাপী এই কর্মসূচির শুরুর আগে সরকারের তরফ থেকে নাশকতার আশঙ্কা করা হলেও তৃতীয় দিনে দেশের কয়েকটি জেলায় পুলিশি বাধা থাকলেও বিরোধী দলের এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। কর্মসূচির এ পর্যায়ে দেশ জুড়ে বিরোধী দলীয় লাখ লাখ নেতা কর্মী ইউনিয়ন থেকে হেঁটে এসে থানা সদরদপ্তরগুলোর সামনে বিক্ষোভ দেখায়।

বিডিনিউজ জেলা প্রতিনিধিরা জানান, মিছিলকারীরা বিভিন্ন শ্লে¬াগান লেখা ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন এবং জোট সরকারের পদত্যাগ ও সংস্কারের ইস্যুতে বিভিন্ন শ্লোগান দেন। কোন কোন জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীদের ছবি ও ব্যানার বহন করে শ্লোগান দিয়ে নির্বাচনী প্রচারণা চালাতেও দেখা যায়। 

বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, কর্মসূচি পালনকালে দুপুরে মধুপুরে বিএনপির সশস্ত্র ক্যাডার হামলা চালালে ১০/১২ জন আওয়ামী লীগ কর্মী আহত হয়। বিকেলে বিএনপি ক্যাডাররা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায় ও দলীয় নেতা কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিসাধন করে এবং মোটর সাইকেল ভাঙচুর করে।

জেলায় পদযাত্রার নেতৃত্ব দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ড. আবদুর রাজ্জাক।

বিডিনিউজ পটুয়াখালী প্রতিনিধি জানান, জেলার বাউফলে ১৪ দলের নেতা কর্মীরা ইউনিয়ন থেকে উপজেলা অভিমুখে পদযাত্রাকালে দফায় দফায় পুলিশি বাধার মুখে পড়ে। বিকেলে সাবেক সংসদ সদস্য আসম ফিরোজের নেতৃত্বে কয়েক হাজার নেতা কর্মীর একটি মিছিল উপজেলা সদর থেকে স্থানীয় নুরাইনপুর কলেজ পর্যন্ত পৌছালে পুলিশ বাধা দেয়।

অপর একটি মিছিল নুরাইনপুর থেকে বাউফল সদর অভিমুখে যাওয়ার সময় বাধার সম্মুখীন হয়। স্থানীয় সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার নুরাইনপুর-- ভরিপাশা খালের ওপর একটি সেতু উদ্বোধন করবেন এই অজুহাতে মিছিলে বাধা দেয় পুলিশ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং ১৪---দলের সমন্বয়ক আবদুল জলিল এমপি বলেন, দেশের মানুষ স্বতস্ফূর্তভাবে বিরোধী দলের পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করে বিএনপি----জামাত সরকারের প্রতি তাদের অনাস্থা প্রকাশ করেছে।

“আমি উপজেলা এবং জেলা পর্যায়ের নেতা কর্মীদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে সরকারের সব ধরণের হুমকি---ধামকি এবং লালচক্ষু উপেক্ষা করে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে,” পদযাত্রার কর্মসূচির খবর উল্লেখ করে আবদুল জলিল সাংবাদিকদের বলেন।

তিনি বলেন, বিরোধী দলের ২৩---দফা কর্মসূচি দেশের প্রত্যন্ত অঞ্চলের তৃণমূল পর্যায়ের মানুষ পর্যন্ত পৌঁছে গেছে। এখন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নতুন নির্বাচন কমিশন গঠন এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি মেনে নেওয়া ছাড়া সরকারের আর কোন বিকল্প নেই।

“প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অপর দুই নির্বাচন কমিশনারের ক্ষমতা ছাড়তে হবে। সব দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে,” জলিল বলেন।

ছয়দিনের কর্মসূচি অনুযায়ী ২৯ জুলাই নয়াবাজার ব্রিজ থেকে মুক্তাঙ্গন ও ৩০ জুলাই আমিনবাজার থেকে রাসেল স্কয়ার পর্যন্ত রাজধানীমুখী পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এর আগে ২৬ জুলাই নারায়ণগঞ্জ রিং রোড থেকে যাত্রাবাড়ি এবং ২৫ জুলাই আবদুল্লাহপুর থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালিত হয়।