দমন পীড়ন গ্রেপ্তার করে, ভয় ভীতি দেখিয়ে আন্দোলন দমানো যাবে না: পদযাত্রা সফল করায় অভিনন্দন জানিয়ে হাসিনা
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, অত্যাচার নির্যাতন, দমন পীড়ন, গ্রেপ্তার ও ভয় ভীতি প্রদর্শন করে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।
এক বিবৃতিতে গণগ্রেপ্তার এবং ব্যাপক নাশকতার ষড়যন্ত্র, আশংকা ও ভয়ভীতি উপেক্ষা করে মঙ্গল ও বুধবারের পদযাত্রা কর্মসূচি সফল করায় আওয়ামী লীগসহ ১৪ দলের নেতা কর্মী ও জনগণকে অভিনন্দন জানিয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ১৪ দলের পদযাত্রা কর্মসূচিতে লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, জোট সরকারের প্রতি মানুষের কোনো আস্থা নেই। জনগণ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত লুটেরা এই সরকারকে প্রত্যাখ্যান করেছে।
বিরোধী দলীয় নেতা বলেন, জণরোষে ভীত বিএনপি জামাত জোট সরকার জনতার আন্দোলনে নস্যাত করতে মরিয়া হয়ে গণগ্রেপ্তার, ষড়যন্ত্র ও কূট কৌশলের পথ বেছে নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কিন্তু কোনো অপচেষ্টাই জনতার অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নিবাচন ব্যবস্থা সংস্কার আজ জাতীয় দাবিতে পরিণত হয়েছে। দেশের মানুষ চায়, ১৪ দলের পক্ষ থেকে উত্থাপিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করা।
শেখ হাসিনা ‘উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসীদের লালন পালনকারী বিএনপি জামাত জোট দুঃশাসনের’ পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চলমান আন্দোলন এগিয়ে নেয়ার জন্যে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান।
