২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদযাত্রাকে বিজয়যাত্রায় পরিণত করে অবাধ নির্বাচন ও জোটের পতন ঘটানো হবে: ১৪ দল

আওয়ামী লীগসহ ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, ২৩ দফার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি মানা না হলে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে জোট সরকারের পতন ঘটানো হবে। তারা বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ ও সমঝোতার ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনসহ সকল দাবি মানতে হবে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ছয় দিনব্যাপী পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার নারায়নগঞ্জ রিং রোড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অনুষ্ঠিত পদযাত্রাপূর্ব সমাবেশে তারা এসব কথা বলেন।

তারা বলেন, পদযাত্রার মাধ্যমে সৃষ্ট গণজাগরণকে বিজয়যাত্রায় পরিণত করে গণঅভ্যুত্থান ঘটিয়ে জনগণের দাবি আদায় করা হবে। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, সংস্কার না মেনে নীল নকশার কোনো নির্বাচন বাংলার মাটিতে হতে দেওয়া হবে না।

সাইনবোর্ড মোড়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মইনউদ্দিন খান বাদল, দিলীপ বড়–য়া, পঙ্কজ ভট্টাচার্য, হাজী মোহাম্মদ সেলিমসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আমির হোসেন আমু বলেন, বিরোধী দলের ঐক্যকে আরও সুদৃঢ় ও চলমান আন্দোলনকে বেগবান করে দাবি বাস্তবায়নের জন্যে ১৪ দলের নেতা কর্মীসহ সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।

আব্দুর রাজ্জাক বলেন, আমরা সংস্কারের ভিত্তিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। আর অবাধ নির্বাচনের জন্যে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো ভোটার তালিকা ও নির্বাচন মেনে নেয়া হবে না।

রাশেদ খান মেনন বলেন, বিরোধী দলের কর্মসূচিতে লাখো জনতার ঢল দেখে বিএনপি তিন দিনের কর্মসূচি দিয়েছে। কিন্তু তিন দিন কেন, তিন মাস মিছিল করেও লাভ হবে না। মুক্তিকামী বিক্ষুব্ধ লাখো মানুষের ঢলে আপনারা ভেসে যাবেন।

হাসানুল হক ইনু বলেন, সংস্কার ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আবার ক্ষমতায় ফিরে আসতে জোটের নীল নকশার কোনো নির্বাচন বরদাশত করা হবে না।

মোহাম্মদ নাসিম জোট সরকারের উদ্দেশে বলেন, হয় জনতার দাবি মানতে হবে, অথবা পদযাত্রার মধ্য দিয়ে বিদায় করা হবে।