২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দুই মন্ত্রীর হঠাৎ বৈঠক!

সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী এমকে আনোয়ার এবং ব্যারিস্টার আমিনুল হক বুধবার প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ে তার কক্ষে দেখা করেন। কিন্তু প্রায় অর্ধ ঘন্টার এই বৈঠকে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা নিশ্চিত করে জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

যদিও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আব্দুর রশিদ সরকার সাংবাদিকদের জানিয়েছেন যে, মন্ত্রীরা শুধুমাত্র ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের বিষয়ে খোঁজ-খবর করতে এসেছিলেন।

ভোটার তালিকা বা নির্বাচন সংক্রান্ত নির্দিষ্ট কোন ইস্যুতে সরকারের বিশেষ কোনো বার্তা দুই মন্ত্রীর মাধ্যমে কমিশনকে পাঠানো হয়েছে কিনা, এ রকম প্রশ্নের জবাবে সচিব বলেন, তারা এখানে দলীয় নেতা হিসেবে এসেছেন।

সচিব বলেন, যে কোন বিষয় জানতে যে কোন দল কমিশনে আসতে পারে। মন্ত্রীরাও যেহেতু একটি দলের অন্তর্ভুক্ত, তারা চলমান হালনাগাদ কার্যক্রম সম্পর্কে খোঁজ নিতেই পারেন।

মন্ত্রীদ্বয় হালনাগাদ কার্যক্রমের বিষয়ে কোনো পরামর্শ বা দিনাজপুর-৩ ও কুমিল্লা-৮ আসনে আসন্ন উপ-নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি বলেও তিনি জানান।

তবে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সরকারের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর এই আকস্মিক সাক্ষাৎ উপস্থিত সাংবাদিকদের মাঝে ব্যাপক কৌতুহলের জন্ম দেয়। নাম প্রকাশ না করার শর্তে কমিশন সচিবালয়ের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশন নিয়ে একের পর এক বিতর্ক ও চলমান হালনাগাদ কার্যক্রমের বেহাল অবস্থার মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দুই মন্ত্রীর সাক্ষাতের ভিন্ন তাৎপর্য না থেকেই পারে না।