ভোটার তালিকা থেকে নাম কর্তনের জন্য যে কেউ সাক্ষ্য দিলেই চলবে: নির্বাচন কমিশন সচিব
নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার মঙ্গলবার বলেছেন, কেউ জীবিত না থাকলে বা আগের ঠিকানায় বসবাস না করলে বিদ্যমান ভোটার তালিকা থেকে নাম কর্তনের জন্য যে কোন ব্যক্তি সাক্ষ্য দিলেই চলবে।
১৯৮২ সালের ভোটার তালিকা নীতিমালা অনুযায়ী, বিদ্যমান তালিকা থেকে নাম কর্তনের জন্য যে কোন একজনকে প্রস্তাব করতে হতো। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য এক পুস্তিকায় নির্বাচন কমিশন বিদ্যমান তালিকা থেকে নাম কর্তনের জন্য পরিবারের সদস্য/একই সাথে বসবাসকারী বা কমপক্ষে একজন প্রতিবেশীর সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিয়েছিলো। এটা ভোটারের মৃত্যু বা বিদ্যমান তালিকায় উল্লেখিত ঠিকানা পরিবর্তন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য ছিলো।
এছাড়া একজন ভোটারকে সুনির্দিষ্ট ঠিকানায় না পাওয়া গেলে বা বিদ্যমান তালিকা থেকে তার নাম কর্তনের জন্য কেউ সাক্ষ্য না দিলে, ওই নামের পাশে ক্রস চিহৃ দেওয়ার জন্যও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়।
কিন্তু ভূমির মালিকরা সাধারণত তাদের পূর্বের ভাড়াটিয়ার নাম তালিকা থেকে কর্তনের জন্য সাক্ষ্য দিতে না রাজী হওয়ায় মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন সমস্যার মুখোমুখী হচ্ছেন।
ওই সমস্যার বিষয় উল্লেখ করে আব্দুর রশীদ সরকার বলেন, একটি অঞ্চলের যে কোন ভোটার নাম কর্তনের জন্য সুপারিশ করতে পারবে। এ জন্য ওই বাড়ির বাসিন্দা বা প্রতিবেশী হওয়া প্রয়োজনীয় নয়।
তবে নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, এই পরিবর্তনের বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন নির্দেশনা দেওয়া হয়নি।
নির্বাচন কমিশন বুধবার ঢাকা সিটি কর্পোরেশন এলাকার সহকারী কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিতব্য এক বৈঠকের মাধ্যমে এ বিষয়টি জানাতে পারে।
যথাযথ ভোটার তালিকা প্রণয়নের স্বার্থে অন্ততপক্ষে ঢাকায় ভোটার তালিকা হালনাগাদের সময় বৃদ্ধি করা হবে বলেও আব্দুর রশীদ সরকার ইঙ্গিত দেন। তিনি চলমান হালনাগাদ কাজকে সন্তোষজনক বলে মন্তব্য করেন।
