দুই মহাসচিবের বৈঠক নিয়ে মান্নান ভূঁইয়া আগের অবস্থানে অনড়
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপির মহাসচিব পর্যায়ের বৈঠক বিষয়ে সরকারি দল এখনো আগের অবস্থানে অনড়।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া আবারো এ বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকেই আলোচনার প্রস্তাব আহ্বান করেছেন।
মান্নান ভূঁইয়া মঙ্গলবার তার সচিবালয়ের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সংস্কারের ব্যাপারে আমরা তো প্রস্তাব দিয়েছি। আমাদের প্রস্তাব এখনো বহাল আছে। আমরা যেভাবে নামের তালিকা দিয়েছি, সেভাবেও আলোচনা হতে পারে।
তিনি বলেন, ব্যবসায়ীদের প্রস্তাব মতো যদি মহাসচিব পর্যায়ে আলোচনা করতে হয়, তবে আওয়ামী লীগকেই এ জন্য প্রস্তাব দিতে হবে। এখন আমরা চাই, তাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হোক। বিরোধী দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলে বিবেচনা করা হবে।
সরকার বিরোধী ১৪ দলের পদযাত্রা কর্মসুচি সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করি, তারা শান্তিপূর্ণভাবে কর্মসুচি পালন করতে পরবে। এজন্য সরকারের পক্ষ থেকে সব ধরণের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজপথের আন্দোলন সংসদে নিয়ে আসা উচিত। সংসদকেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে হবে। সকল বিষয়ে আলোচনা করতে হবে সংসদেই।
মন্ত্রী আরো বলেন, হরতাল বা অবরোধের কারণে দেশের অর্থনীতির যে ক্ষতি হয়, তা পুষিয়ে নেওয়ার মতো অবস্থা বাংলাদেশের নেই। তাই দেশের স্বার্থ রক্ষা তথা উন্নয়ন চাইলে এ ধরণের ধ্বংসাত্মক কর্মসূচি পরিহার করা উচিত।
এর আগে বিএনপি সাংসদ সারোয়ারী রহমান, জাতীয় পার্টি (জাপা) সাংসদ রওশন এরশাদ ও ইউএনইউপি’র সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল মন্ত্রীর সাথে তার কার্যালয়ে বৈঠক করেন।
প্রতিনিধি দল মন্ত্রীকে জানান, দেশের ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা সদস্যরা কোনো কাজ পাচ্ছেন না। তারা তাদের নিয়মিত সম্মানী ছাড়া তেমন কোনো সুযোগ সুবিধাও পাচ্ছেন না। তাদের প্রতি এমন অবিচার করা হচ্ছে।
দলের সদ্যরা নির্বাচিত সকল সদস্যদেকই কাজের সুযোগ দেওয়ার দাবি জানান।
মন্ত্রী মনযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
