নাশকতার আশংকা ও গণগ্রেফতারের মধ্য দিয়ে শুরু হচ্ছে ১৪ দলের পদযাত্রা
গ্রেনেড হামলাসহ নাশকতার আশংকা এবং গণগ্রেফতারের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল মঙ্গলবার থেকে ছয় দিনের পদযাত্রা কর্মসূচি শুরু করছে।
ঢাকাসহ সারাদেশে অনুষ্ঠেয় কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার বিকেল ৪ টায় রাজধানী ঢাকার আব্দুল্লাহ্পুর থেকে মহাখালি পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।
২৬ জুলাই বুধবার নারায়নগঞ্জ রিং রোড থেকে যাত্রাবাড়ি, ২৯ জুলাই নয়াবাজার ব্রিজ থেকে মুক্তাঙ্গন ও ৩০ জুলাই আমিনবাজার থেকে রাসেল স্কোয়ার পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এছাড়া ২৭ জুলাই দেশের সকল ইউনিয়ন থেকে থানা হেডকোয়ার্টার এবং ২৮ জুলাই সকল জেলা সদরের প্রধান সড়কের ৫ কিলোমিটার এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করবে ১৪ দল।
গত ১৯ জুলাই বিরোধী জোটের লিয়াজোঁ কমিটির এক সভা থেকে এই পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এদিকে ১৪ দলের পদযাত্রাকে কেন্দ্র করে নাশকতা হতে পারে বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আশংকা ব্যক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য জানান।
হামলার আশংকা থাকায় সরকারের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়।
অন্যদিকে ১৪ দল সমন্বয়ক আব্দুল জলিল বলেছেন, পদযাত্রা কর্মসূচিতে হামলা হলে এর সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
তিনি বলেন, সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে। পদযাত্রা কর্মসূচি ব্যর্থ করতে বিরোধী দলের নেতা -- কর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে।
কর্মসূচি সফল করতে বিরোধী দলীয় জোট ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন পর্যায়ে দফায় দফায় প্রস্তুতি সভা ও সমাবেশ করেছে।
শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কর্মী -- সংগঠক ও সর্বস্তরের দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
পদযাত্রায় ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
