২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার সমস্যা সহসাই মিটবে বলে ইসির আশা: ভোটার তালিকা হালনাগাদের কাজে অনিচ্ছুকদের বিরুদ্ধে হুঁশিয়ারি

অর্থ ছাড় করা নিয়ে অর্থমন্ত্রীর সাথে বিরোধের বিষয়টি উড়িয়ে দিয়েছেন নির্বাচন কমিশন সচিব আবদুর রশিদ সরকার। অল্প কয়েকদিনের মধ্যেই প্রয়োজনীয় অর্থ পেয়ে যাবেন বলে তিনি সোমবার আশা প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 09:28 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

পাশাপাশি তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, মাঠ পর্যায়ে যারা ভোটার তালিকা হালনাগাদের ব্যাপারে অনীহা দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সাংবিধানিক দায়িত্ব পালন না করার’ অভিযোগ এনে ব্যবস্থা নেওয়া হবে।

ইসি সচিবালয়ের কার্যালয়ে সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। সেইসঙ্গে ভোটার তালিকা হালনাগাদের কাজে ফরম সংকটের কথাও তিনি স্বীকার করেন।

নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যাপারে সাম্প্রতিক সময়ে অর্থমন্ত্রী ও নির্বাচন কমিশনের মধ্যে যে বিরোধ চলছে সে ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি রিােধের বিষয়টি অস্বীকার করেন।

তিনি জানান, অর্থসচিবের সঙ্গে সোমবার তার বৈঠক হয়েছে। শিগগিরই অর্থ ছাড় করা হবে বলে সচিব আশ্বাস দিয়েছেন। এমনকি এক দু দিনের মধ্যেও সেটা হতে পারে। বাতিলকৃত নতুন ভোটার তালিকার ব্যয়সংক্রান্ত ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের অনুসন্ধানের বিষয়টিতে নির্বাচন কমিশন   ‘সন্তোষজনক’ সাড়া দিয়েছে বলে তিনি জানান।

মাঠকর্মীদের ভোটার তালিকা হালনাগাদ করার ব্যাপারে অনীহার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, স্বেচ্ছায় যদি কেউ সাংবিধানিক দায়িত্ব পালনে অনীহা দেখায়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নেতিবাচক প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাছে নির্বাচন কমিশনের অর্থ প্রস্তাব পাঠানোর কথা তিনি প্রত্যাখ্যান করেন। অর্থ মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে ২৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাসস যে খবর প্রকাশ করেছে সেটির সত্যতা তিনি অস্বীকার করেন। তবে নির্বাচন কমিশনকে অর্থ মন্ত্রণালয় প্রকৃতপক্ষে কত টাকা প্রদান করেছে তা তিনি জানাতে চাননি।

মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তাই ভোটার তালিকার কাজ করতে চাচ্ছেন না বলে যে পত্রপত্রিকায় যেসব প্রতিবেদন ছাপা হয়েছে প্রথমে তিনি এসবের সত্যতা অস্বীকার করে বলেন, সবকিছুই সুন্দরভাবে চলছে। আমার কাছে এ ধরনের কোনও রিপোর্ট আসেনি।

পরে আবার তিনি ইসির ভূমিকা বিশ্লেষণ করতে গিয়ে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে রোববার ভোটার তালিকার কাজ করতে অনিচ্ছুক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ পর্যায়ে তিনি বলেন, ‘কেউ যদি স্বেচ্ছায় মিথ্যা অজুহাতে সাংবিধানিক দায়িত্বকে উপেক্ষা করে তবে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো’।

প্রসঙ্গত, ভোটার তালিকা হালনাগাদের সাথে সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অনেকেই শিক্ষা বিভাগের সাথে সম্পর্কিত।