ভোটার তালিকা হালনাগাদ: দেশের বিভিন্ন স্থানে বেহাল অবস্থা
ভোটার তালিকা হালনাগাদের তৃতীয় দিনেও জনবল এবং আনুষঙ্গিক সহায়তার অভাব এবং রাজনৈতিক প্রভাবের আশংকায় ঢাকাসহ সারাদেশে মাঠ পর্যায়ের কাজে আশানুরূপ অগ্রগতি হয়নি। উপরন্তু দেশের বিভিন্ন স্থানে ভোটার তালিকা হালনাগাদ করার কাজের বেহাল অবস্থা দেখা যাচ্ছে।
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তৃতীয় দিন রোববারও বিডিনিউজ’র প্রতিনিধিরা রাজধানীসহ কয়েকটি বিভাগীয় সদরে কাজের অগ্রগতি সরেজমিনে প্রত্যক্ষ করেন।
রাজধানীর ৬ নম্বর ওয়ার্ডের সহকারি নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান হালনাগাদ কাজের জন্য প্রয়োজনীয় ফরমের স্বল্পতার কথা বলেন। তিনি জানান, বিদ্যমান তালিকায় উল্লেখিত ঠিকানা অনুযায়ী ভোটারদের অস্তিত্ব খুঁেজ পাওয়া যাচ্ছে না।
মোহাম্মদ শাহজাহান বলেন, তার অধীনের সহায়ক কর্মকর্তারা শিক্ষক; তাই স্কুলের দায়িত্ব পালনের পর তারা ভোটার তালিকা হালনাগাদের কাজে বাড়ি বাড়ি যাচ্ছেন। ফলে ভোটার তালিকা হালনাগাদের কাজ সময় মতো শেষ করা যাবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে।
মোহাম্মদপুরের ৪৪ নম্বর ওয়ার্ডের সহকারি নিবন্ধন কর্মকর্তা (এআরও) কাজী রাজ্জাক অন্যরকম সমস্যার কথা জানান।
তিনি জানান, ২০০০ সালের বিদ্যমান তালিকায় নিবন্ধিত অথচ বর্তমানে এই ঠিকানায় বসবাস করছেন না এমন ভোটারদের নাম কর্তনের ব্যাপারে বাড়িওয়ালারা সাক্ষ্য দিতে রাজী হচ্ছেন না। ১৯৮২ সালের ভোটার তালিকা আইন অনুযায়ী কোনো ভোটারের নাম কর্তন করতে হলে কাউকে এ জন্য প্রস্তাব করতে হয়।
তার অধীনে নিয়োজিত কতজন সহায়ক কর্মকর্তা বেলা ১ টা নাগাদ হালনাগাদের কাজে বাড়ি বাড়ি ঘুরছেন, এ তথ্য জানাতে তিনি বিব্রত বোধ করেন।
এদিকে বিডিনিউজের বরিশাল প্রতিনিধি জানান, বিভাগের সাতটি জেলার মোট ৫২ লাখ ১৯ হাজার ৮৫৬ জন ভোটারের তালিকা হালনাগাদ করার জন্য নয় হাজার ৭৯০ জন সহায়ক কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে।
জেলা সদরে শুক্রবার থেকে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হলেও রোববার দুপুর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করার বিষয়ে বিভাগীয় তথ্য অফিস বা জেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে কোনো প্রচারণা চালানো হয়নি।
তথ্য সংগ্রহকারী সহকারী কর্মকর্তা এ কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুরমা আক্তার জানান, কাউনিয়ার হাটখোলাতে গত দুদিন তিনি বাড়ি বাড়ি গিয়েও অধিকাংশ ভোটারকে পাননি।
তিনি আরো জানান, পূর্বের তালিকায় যে সব ভোটারের নাম উল্লেখ করা হয়েছে, আদৌ তাদের কোনো অস্তিত্ব নেই।
এদিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাগিয়ার বাসিন্দা জালাল হাওলাদার বলেন, আমার আটটি ঘর রয়েছে; কিন্তু এখানে এখনো কেউ নির্বাচনের জন্য তথ্য সংগ্রহ করতে আসেন নি।
সিটি মেয়র মজিবর রহমান সরোয়ার’র এলাকা ১ নম্বর ওর্য়াডের সাধুর বটতলা। এ এলাকার বাসিন্দাদের ওই একই অভিযোগ।
চট্টগ্রামের বিডিনিউজ প্রতিনিধি জানান, বন্দরনগরীতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম মন্থরগতিতে চলছে। শহরের ওয়ার্ড এবং ইউনিয়নগুলোতে সহকারি নিবন্ধন কর্মকর্তা এবং সহায়ক কর্মকর্তার সংখ্যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। এছাড়া মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সমন্বয়ের অভাবে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ মোটেই এগুচ্ছে না।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একে স্বল্প বেতন, উপরন্তু ভোটার তালিকা হালনাগাদ করার কাজে নির্বাচন কমিশন তাদের পারিশ্রমিক নির্ধারণ না করায় এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের ধর্মঘট চলায় ভোটার তালিকা হালনাগাদ করার কাজে জনবল এখন একেবারেই অপ্রতুল।
উপ নির্বাচন কমিশনার এজাহারুল হক জানান, মোট সাত হাজার ১৮৪ জন সহায়ক কর্মকর্তা এবং ৫১৬ জন সহকারি নিবন্ধন কর্মকর্তা এবং ২৭৫ জন নিবন্ধন কর্মকর্তা চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান -- এই তিনটি পার্বত্য জেলায় ভোটার তালিকা হালনাগাদ করছেন।
তবে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বহু সহায়ক কর্মকর্তা এবং সহকারি নিবন্ধন কর্মকর্তা রোববার পর্যন্ত নিয়োগ পাননি; এর মধ্যে অনেকে এই দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেছেন।
বিডিনিউজ’র সিলেট প্রতিনিধি জানান, সেখানে ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া অত্যন্ত মন্থরগতিতে চলছে। জেলার কুমারপাড়া এলাকার অধিবাসীরা অভিযোগ করে বলেন, গত চারদিনে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য মাঠ পর্যায়ের কোনো কর্মীর দেখা পাওয়া যায়নি।
বিডিনিউজ’র রাজশাহী প্রতিনিধি জানান, গত দুদিনে জেলায় ভোটার তালিকা হালনাগদ করার কাজ শুরু হয়নি। তবে জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোহাম্মাদ মুসা দাবি করে বলেন, ২১ জুলাই থেকে রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হয়েছে।
জেলা নির্বাচন কমিশন অফিস সূত্র জানায়, জেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কাজে দুহাজার ৭৫৩ জন সহায়ক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
