স্বাস্থ্য খাত ভেঙ্গে পড়েছে, দরিদ্ররা নূন্যতম স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত : আওয়ামী লীগ নেতৃবৃন্দ
আওয়ামী লীগ নেতৃবৃন্দ রোববার এক গোল টেবিল বৈঠকে বলেছেন, ক্ষমতাসীন দল গণহারে দলীয়করণ করায় দেশের স্বাস্থ্য খাত ভেঙ্গে পড়েছে এবং এ কারণে দারিদ্র সীমার নীচে অবস্থানকারী জনগণ নূন্যতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটি নগরীর জাতীয় প্রেসক্লাবে ‘স্বাস্থ্যখাতে জোট সরকারের অব্যবস্থাপনা ও এর সমাধান ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে অবশ্যই একটি গণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, এ কারণেই আমরা তত্তাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছি। ওই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না করা হলে দেশে অব্যাবস্থাপনা ও অরাজকতা বৈধ ভিত্তি পাবে বলেও তিনি উল্লেখ করেন।
সাবেক স্বাস্থ্য সচিব মোহাম্মদ আলীর সভাপতিত্বে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী বলেন, মেডিকেল শিক্ষায় দূর্যোগ একটি জাতীয় দূর্যোগ, বর্তমান সরকারের মেয়াদকালে যা ঘটেছে।
নীতিমালা শিথিল করার ফলে গণহারে বেসরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি ক্লিনিক গজিয়ে উঠার বিষয়েও আলোচকরা প্রশ্ন উত্থাপন করেন। স্বাস্থ্য পেশা বর্তমানে একটি মূল বাণিজ্যে পরিণত হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, স্বাস্থ্য প্রথম এবং শিক্ষা দ্বিতীয় কারণ স্বাস্থ্য ভালো না থাকলে শিক্ষা সম্ভব নয়। কিন্তু স্বাস্থ্যখাতে ৬ শতাংশ বাজেট বরাদ্দ সরকারের এ খাতের প্রতি গুরুত্ব কম তারই প্রমান বহন করে।
