জাপানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার ঢাকা আসছেন : পদ্মা সেতু ও গভীর সমুদ্র বন্দর নির্মাণে সহযোগিতা চাইবে বাংলাদেশ, লিড
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসো সোমবার দু দিনের সফরে বাংলাদেশে আসছেন। পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খানের আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন। এ সফরকালে বাংলাদেশ পদ্মা সেতু ও গভীর সমুদ্র বন্দর নির্মাণে জাপানের সহযোগিতা চাইবে বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, সফরকালে জাপানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় ছাড়াও প্রধান প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুও স্থান পাবে।
১৯৮৭ সালের পর এই প্রথম জাপানের কোনও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার তারো আসো রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ব্যাপারে এম মোর্শেদ খান রোববার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, জাপান বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী ও প্রধান বিনিয়োগকারী। সুতরাং তারো আসোর এ সফর দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দ্বিপাক্ষিক বৈঠকে বিদ্যমান সহযোগিতা এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও পর্যালোচনা করা হবে বলে মোর্শেদ খান জানান।
এছাড়া বৈঠকে দু দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নের ব্যাপারেও আলোচনা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গভীর সমুদ্র বন্দরের ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চুক্তি স্বাক্ষরের সময়ই পদ্মা সেতু নির্মাণের ব্যাপারেও একটি সম্ভাব্যতা যাচাই জরিপ পরিচালনা করা হয়। তাছাড়া বেসরকারি খাতে কারিগরি বিশেষজ্ঞদের প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে গত বছর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসো দু দিনের সফর শেষে কুয়ালালামপুরে অনুষ্ঠিত এআরএফ’র বৈঠকে যোগদানের উদ্দেশ্যে ২৫ জুলাই ঢাকা ত্যাগ করবেন।
