২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদযাত্রায় হামলা হলে সরকারই দায়ী থাকবে: ১৪ দল

আওয়ামী লীগসহ ১৪ দল সরকারকে সতর্ক করে বলেছে, আগামী ২৫ জুলাই থেকে অনুষ্ঠেয় পদযাত্রা কর্মসূচিতে হামলা হলে জোট সরকারকে সকল দায় দায়িত্ব বহন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

কর্মসূচি সফল করতে রোববার ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বিরোধী দলের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে গ্রেনেড হামলা হতে পারে বলে সরকারের গোয়েন্দারা আগাম আভাস দিয়েছে। হামলা প্রতিরোধে সরকার কী ধরনের পদক্ষেপ নেয়, আমরা তা দেখতে চাই।

তারা আরও বলেন, বিরোধী দলের আন্দোলন কর্মসূচি বানচাল করতে সরকার নানা ধরনের হীন পদক্ষেপ নিচ্ছে। কিন্তু সকল ষড়যন্ত্র ও অপচেষ্টা উপেক্ষা করে জনগণের দাবি আদায়ের সংগ্রাম সফল করা হবে।

১৪ দলের অন্যতম শীর্ষ নেতা, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেন, গোয়েন্দা উদ্ধৃতি দিয়ে হামলার কথা বলা হয়েছে। তবে এটি নতুন কোনো ঘটনা নয়। জঙ্গিদের দিয়ে তারা হামলা চালাতেও পারে। কারণ বিএনপি জামাত জোট সরকার জঙ্গিদের জামাই আদরে রেখে তাদের ইচ্ছেমতো ব্যবহার করবে। ১০ হাজার প্রশিক্ষিত জঙ্গির মধ্যে মাত্র হাজার খানেক গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বাকিদের ধরা হয়নি।

জোট সরকারের হাতেই জঙ্গিদের নিয়ন্ত্রণ-- এ অভিযোগ করে তিনি বলেন, আন্দোলন দমন ও নির্বাচনে তাদের ব্যবহার করা হবে।

মেনন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের ব্যাপারে ইতোমধ্যে জাতীয় ঐকমত্য হয়েছে। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন এখনও ভোট নিয়ে খেলছে। নির্বাচন অনিশ্চিত করে পরে একতরফা নির্বাচনের জন্যেই তারা এ খেলা খেলছে। কিন্তু সরকারের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

তিনি হামলা, মামলা ও গ্রেপ্তার উপেক্ষা করে পদযাত্রাসহ আন্দোলন কর্মসূচি সফল করার জন্যে ১৪ দলের সর্বস্তরের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জঙ্গি সন্ত্রাসীদের তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। জোট সরকারের ছত্রছায়ায় জঙ্গি নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হচ্ছে।

অতীতের মতো সরকারই আরেকটি হামলার প্রস্তুতি নিতে পারে-- এ আশংকা ব্যক্ত করে তিনি বলেন, পদযাত্রা কর্মসূচিতে হামলা হলে প্রমাণ হয়ে যাবে, সরকারই এ হামলা চালিয়েছে। 

ওয়ার্কার্স পার্টি নেতা কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় গণতন্ত্রী পার্টির নুরুল ইসলাম, আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী মোহাম্মদ সেলিম, কাজী মোস্তাক এলেনসহ ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গণগ্রেপ্তারের নামে গণনির্যাতন এবং বাড়ি বাড়ি তল্লাশি ও অত্যাচার নির্যাতন বন্ধের জন্যে সভা থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থার সংস্কারকে পাশ কাটাতে সরকার নানা টালবাহানা ও ছলচাতুরি করছে। এ নিয়ে ইচ্ছেকৃতভাবে কালক্ষেপন করছে সরকার। কিন্তু দেশের মানুষ ভোট কারচুপির সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। সংস্কার বাস্তবায়নের মাধ্যমেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদায় করা হবে।

সভা থেকে জানানো হয়, সংস্কার বাস্তবায়ন এবং সিইসিসহ অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ২৫ জুলাই থেকে অনুষ্ঠেয় পদযাত্রা কর্মসূচি বিকেল ৪টায় শুরু হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ এপ্রিল আব্দুল্লাহ্পুর থেকে মহাখালী, ২৬ জুলাই কাঁচপুর থেকে যাত্রাবাড়ি, ২৯ জুলাই জিঞ্জিরা থেকে মুক্তাঙ্গন এবং ৩০ জুলাই আমিনবাজার থেকে রাসেল স্কয়ার পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৭ জুলাই দেশের প্রতিটি ইউনিয়ন থেকে সংশ্লি¬ষ্ট থানা সদর দফতর এবং ২৮ জুলাই প্রতিটি জেলার প্রধান সড়কে পাঁচ কিলোমিটার জুড়ে পদযাত্রার আয়োজন করা হবে।

গত ১৪ জুলাই ১৪ দলের লিয়াজোঁ কমিটির সভা থেকে ছয় দিনের এই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।