১৫ ও ২১ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
আওয়ামী লীগ ১৫ আগস্ট শোক দিবস, ৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন, ৮ আগস্ট শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন এবং ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়। আওয়ামী লীগ দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে থাকে। এ উপলক্ষে ৩১ জুলাই থেকে আওয়ামী লীগের কর্মসূচি শুরু হবে এবং তা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
শোক দিবসের বিস্তারিত কর্মসূচির মধ্যে রয়েছে ৩১ জুলাই ধানমন্ডি ৩২ নং সড়ক ধরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল, ১ আগস্ট বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যুদণ্ডাদেশ অবিলম্বে কার্যকর করার দাবিতে সকল জেলা-উপজেলায় প্রতীক অনশন, ২ আগস্ট খুনিদের রক্ষায় সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে হাইকোর্টের প্রাচীর ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি, ৭ আগস্ট খুনিদের ফাঁসির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন, ১৩ আগস্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় আলোচনা সভা, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, স্বেচ্ছায় রক্তদান এবং ধানমন্ডি ৩২ নম্বরে দোয়া ও মিলাদ মাহফিল এবং দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ, ১৬ আগস্ট টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও মিলাদ মাহফিল।
এ ছাড়া ৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে বনানীতে তার কবরে পুষ্পার্ঘ অর্পণ, আবাহনী ক্রীড়াচক্রে নিহতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১০টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ৮ আগস্ট বনানী কবরস্থানে পুষ্পার্ঘ নিবেদন ও বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ২০ আগস্ট থেকে কর্মসূচি পালন করবে।
বিস্তারিত কর্মসূচির মধ্যে রয়েছে ২০ আগস্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নিহতদের স্মরণে আলোচনা সভা, ২১ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিক্ষোভ মিছিল এবং ২৭ আগস্ট গ্রেনেড হামলার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মুক্তাঙ্গনে সমাবেশ।
