প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় রাজশাহী র ২টি আসনে নতুন মুখ মনোনয়ন দেওয়ার দাবি
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে মতবিনিময় সভায় রাজশাহী জেলার নেতারা সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবীর হোসেন ও বিএনপি থেকে বহি®কৃত সাংসদ আবু হেনার আসনে নতুন কাউকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
তবে অন্যান্য এলাকায় আগের সাংসদদের মনোনয়ন দেওয়া হলে কোনো সমস্যা নেই বলে তারা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর হেয়ার রোডের কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার সন্ধ্যায় রাজশাহীর পাঁচটি এবং মেহেরপুর জেলার দুটি আসনের ছয়জন সাংসদ এবং জেলা, উপজেলা ও পৌর বিএনপির ৮১ জন নেতা দলীয় প্রধানের সাথে মতবিনিময় করেন।
সূত্র জানায়, সাক্ষাতকারি নেতারা প্রধানমন্ত্রীর কাছে বিরাজমান বিদ্যুৎ সমস্যা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে তাদের শংকা প্রকাশ করেন।
তারা জানান, বিদ্যুৎ সমস্যা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে। নির্বাচনের আগেই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা নেত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সূত্র আরো জানায়, রাজশাহী -- ৫ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ কবীর হোসেনের নির্বাচনী এলাকার নেতারা তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেন।
এর মধ্যে রয়েছে, নির্বাচনী এলাকার স্থায়ী বাসিন্দা না হওয়া এবং এলাকার সাথে তেমন যোগাযোগ না থাকা। এর পরিপ্রেক্ষিতে তার স্থলে স্থানীয় কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান নেতারা।
এ ছাড়াও বিএনপি থেকে বহি®কৃত রাজশাহী -- ৩ (বাগমারা-মোহনপুর) আসনের সাংসদ আবু হেনার নির্বাচনী এলাকায় স্থানীয় বিএনপি নেতা মোখলেসুর রহমানসহ তিনজনের নাম প্রস্তাব করে এদের মধ্য থেকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।
পরে সাংবাদিকদের দেওয়া এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, দলীয় নেতাদের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী এসব সমস্যার সমাধানে আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী তাদের বলেন, বিদ্যুৎ একটি দীর্ঘমেয়াদী ব্যাপার। এ সমস্যা একদিনে সমাধান হবে না। তবে সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে। পর্যায়ক্রমে সমস্যার সমাধান হয়ে যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া বলেন, জঙ্গি তৎপরতার ব্যাপারে কোনো নেতাই কোনো প্রশ্ন করেননি।
