নির্বাচন অনুষ্ঠান নিয়ে শেখ হাসিনার সংশয় প্রকাশ
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, নির্বাচনের ভাগ্যে কি আছে জানিনা। তবে আমাদের নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
একই সঙ্গে সংস্কার বাস্তবায়নের দাবিতে চালিয়ে যেতে হবে সংগ্রাম।
দলীয় সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে শুক্রবার আওয়ামী যুবলীগের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় যুবলীগের অনুষ্ঠেয় দেশব্যাপী সাংগঠনিক সফর উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি দলীয় নেতা -- কর্মীদের উদ্দেশে বলেন, অবাধ নির্বাচন নিশ্চিত করে বর্তমান অবস্থার পরিবর্তন আনতে হবে।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া চক্রান্ত করে একা একা প্রহসনের নির্বাচনের মাধ্যমে আবারো প্রধানমন্ত্রী হবেন -- জনগণ তা মেনে নেবে না। সংস্কারের ভিত্তিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা না হলে বাংলার মাটিতে এক তরফা কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সংস্কারের ভিত্তিতে অবাধ নির্বাচন না হলে তার জন্য খালেদা জিয়া গং দায়ী থাকবে।
তিনি বলেন, ভোটার তালিকা নিয়ে গণ্ডগোল শুরু হয়েছে; আর অর্থমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারের দ্বন্দ্ব একটি সাজানো নাটক।
তিনি আরো বলেন, লুটপাটের টাকা ছিটিয়ে বিএনপি -- জামায়াত জোট এবার জনগণের ভোট কিনে নেবে -- এবার তা হবে না। এখন দেশের মানুষ অনেক সচেতন। জোটের দুঃশাসনে অতিষ্ট মানুষ এখন দিন গুনছে, কবে তারা নাজাত পবে।
শেখ হাসিনা বলেন, পরিস্থিতি এখন এমনই যে, একবার যদি ডাক দেওয়া যায়, ক্ষিপ্ত জনতা রুখে দাঁড়াবে; তখন জনগণের সম্পদ লুটপাটের আখড়া ‘হাওয়া ভবন’ ও ক্যান্টনমেন্টের মইনুল হোসেন রোডের বাড়ি অবস্থা হবে ‘বাস্তিল দুর্গের’ মতো। প্রয়োজনে লুটের টাকা ফেরত নিতে বঞ্চিত লাখ লাখ মানুষ ঢাকায় এসে তাদের পাওনা বুঝে নেবে।
ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির বিষয়ে যুবলীগ নেতা কর্মীসহ দেশবাসীকে সজাগ থাকার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, ভোটার তালিকায় যেনো ১৮ বছরের বেশি সবার নাম থাকে, তা নিশ্চিত করতে হবে।
যুবলীগ নেতা কর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, নির্যাতিত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে; তাদের কাছে তুলে ধরতে হবে জোট সরকারের দুঃশাসন ও লুটপাটের চিত্র। এছাড়া আওয়ামী লীগের পাঁচ বছরের শাসনামলের সাফল্যের কথাও বলতে হবে। ভোট রক্ষার জন্য গঠন করতে হবে কমিটি। জনগণকে তাদের ভোটাধিকার রক্ষার জন্য আরও সচেতন করতে হবে।
আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য কি কি পদক্ষেপ নেবে, তা দেশবাসীর কাছে তুলে ধরার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, আমি গ্রেনেড, বোমা ও মৃত্যুকে ভয় পাই না। আমি দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। দেশের মানুষের ভাগ্য নিয়ে, ভোটাধিকার নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি বক্তব্য রাখেন।
নেতারা শেখ হাসিনাকে জানান, আগামী ২৫ জুলাই থেকে ৩১ জুলাই যুবলীগের কেন্দ্রীয় নেতবৃন্দ সারাদেশে জেলা ও উপজেলা সফর করে কর্মীসভা ও গণসংযোগ করবেন। তারা একই সঙ্গে জোট সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, নেতা, দালাল প্রশাসন এবং নির্যাতনকারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করবে।
যুবলীগ নেতারা আগামী নির্বাচনে জনগণের ভোট রক্ষার জন্য যুবলীগের উদ্যোগে ‘ভোট রক্ষা কমিটি’ গঠন করারও ঘোষণা দেন।
