সম্মিলিত নাগরিক আন্দোলন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ
স্বাধীনতাবিরোধীদের দুঃশাসন ও নির্যাতন ঠেকাতে দেশের বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত নাগরিক আন্দোলন নামে নতুন একটি সংগঠন যাত্রা শুরু করেছে।
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার সম্মিলিত নাগরিক আন্দোলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং যারা ধর্মনিরপেক্ষ সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেন, তাদের যে কেউ এ আন্দোলনে শরিক হতে পারবেন।
নাগরিক আন্দোলন ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
আগামী ২ আগস্ট সম্মিলিত নাগরিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সম্মেলন থেকে বিএনপি -- জামায়াত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংগঠনের নেতারা জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, নারী সংগ্রাম কমিটি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বেশকিছু সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সম্মিলিত নাগরিক আন্দোলনে অংশ নিয়েছে।
সম্মিলিত নাগরিক আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খ্যাতিমান সাংবাদিক কামাল লোহানী ও শাহরিয়ার কবির, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকী, ড. কাজী ফারুক আহমেদ, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, অধ্যাপক আব্দুল আহাদ চৌধুরী, ড. ওয়াজেদুল ইসলাম এবং শিরিন আখতার।
কামাল লোহানী বলেন, আমরা কোনও রাজনৈতিক দলের অংশ নই। তবে দেশের প্রগতিশীল শক্তির সাথে আমাদের আদর্শগত মিল রয়েছে।
তিনি আরও বলেন, আমরা ঘুষের শাসনামল চাই না। আমরা বিচার বিভাগকে দুর্বৃত্তদের আখড়ায় পরিণত হতে দিতে চাই না।
সম্মিলিত আন্দোলনের নেতারা সম্মেলনে বলেন, কেন্দ্রীয় সম্মেলন থেকে তারা দুর্নীতিবাজ এমপি, আমলা, রাজনৈতিক নেতা, গডফাদার ও ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করবেন।
আন্দোলনের নেতারা বিচার বহির্ভূত হত্যা, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন না করা, প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই কমিশনারের গদাই লস্করি চালের তীব্র সমালোচনা করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহরিয়ার কবির জানান, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিচার বহির্ভূত হত্যার সাথে প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে--ই জড়িত থাকেন না কেন-- বিচারের হাত থেকে কাউকে রেহাই দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিকে আন্তর্জাতিক অঙ্গনে একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হয়। যারাই ক্ষমতা থাকুন না কেন, তাদেরই এ চুক্তি বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, চুক্তি অনুযায়ী সরকারকে বিভিন্ন পর্যায়ে পার্বত্য এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহার করার কথা।
অপর এক প্রশ্নের জবাবে ড. কাজী ফারুক আহমেদ বলেন, ১৪ দল বা অন্য যে কোনও রাজনৈতিক দল হুসেইন মুহম্মদ এরশাদের সাথে জোট বাধলেও নাগরিক আন্দোলনে কোনও স্বৈরাচারি শক্তি স্থান পাবে না।
নেতারা বলেন, সম্মিলিত আন্দোলন দুর্নীতিবাজ এমপি, আমলা, ক্ষমতাসীন দলের ক্যাডার এবং অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে আন্দোলনে নামবে।
গডফাদার ও ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন বলেও সম্মিলিত নাগরিক আন্দোলনের নেতারা জানান।
সম্মিলিত নাগরিক আন্দোলন প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই কমিশনারের বিরুদ্ধে শিগগিরই আন্দোলন শুরু করবে বলে তারা উল্লেখ করেন।
