আলোচনার দরজা এখনো খোলা: প্রধানমন্ত্রী; বিএনপি চাইলেও বিরোধী পক্ষ নতুন কোনও সংলাপ প্রস্তাব পাঠাচ্ছে না
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার সংস্কার ইস্যুতে প্রস্তাবিত সংলাপে বিরোধী দলগুলো যোগ দেবে বলে আশা প্রকাশ করলেও ১৪ দলীয় বিরোধী জোট বলেছে, বিএনপি চাইলেও তাদের দিক থেকে সংলাপের নতুন কোনও প্রস্তাব পাঠানো হচ্ছে না।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূইয়া ব্যবসায়ী নেতৃবর্গের সাথে এক আলোচনায় বলেন, বিরোধী পক্ষ যদি কোনও ধরনের শর্ত আরোপ ছাড়া নতুন প্রস্তাব দেয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত সংস্কার ইসুতে আলোচনা হতে পারে।
এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেছেন আমরা আমাদের প্রস্তাব ইতোমধ্যেই জানিয়ে দিয়েছি। সংলাপের নতুন প্রস্তাব সরকারের পক্ষ থেকেই আসতে হবে।
বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর ১৪ দল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃত্বের মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবদুল জলিল এ কথা বলেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার তার সাথে সাক্ষাৎ করতে যাওয়া চারটি জাতীয় দৈনিকের সম্পাদকদের বলেন, বিরোধী দল শর্ত জুড়ে দিলেও আলোচনার দরজা এখনো বন্ধ হয়ে যায়নি।
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি একদিকে সংস্কার নিয়ে আলোচনার কথা বলছেন। অন্যদিকে বিভিন্ন সভা সমাবেশে বলছেন, সংস্কারের কোনোই প্রয়োজন নেই, বর্তমান পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্যবসায়ীদের গৃহীত উদ্যোগ এবং দুই দলের মহাসচিব পর্যায়ের প্রস্তাবিত বৈঠক সম্পর্কে ১৪ দলের সমন্বয়ক বলেন, এমন কোনো প্রস্তাব সরকারের পক্ষ থেকেই আসতে হবে। আমরা সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন চাই। সুতরাং আমাদের নতুন করে কোনো প্রস্তাব দেওয়ার কিছুই নেই।
ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরা জানিয়েছেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে প্রধান দুই দলকে আলোচনায় বসানোর ব্যাপারে ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্যোগের অগ্রগতি তারা পর্যবেক্ষণে রাখছেন।
চলমান বিরোধ নিষ্পত্তিতে সরকার ও বিরোধী দলের সমান দায়িত্ব রয়েছে এবং আগামী সাধারণ নির্বাচনে ভোটাররা যাতে তাদের মতামতের প্রতিফলন ঘটাতে পারে সেজন্য সকলের ‘সমান ভূমিকা রাখার সুযোগ’ সৃষ্টি করতে হবে বলে কূটনীতিকরা মনে করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পশ্চিমা কূটনীতিক বলেন, সরকারে থাকা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে বিরোধী দলের মত প্রকাশের সুযোগ দেওয়া এবং বিরোধী দলের দায়িত্ব হচ্ছে তাদের বিরোধীদের সাথে শান্তিপূর্ণ আচরণ করা।
