সংস্কার ইস্যুরত ব্যবসায়ী নেতাদের উদ্যোগ পর্যবেক্ষণ করছেন কূটনীতিকরা
চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে প্রধান দুই দলকে আলোচনায় বসানোর ব্যাপারে ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্যোগের অগ্রগতি পর্যবেক্ষণে রাখছেন ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরা।
চলমান বিরোধ নিষ্পত্তিতে সরকার ও বিরোধী দলের সমান দায়িত্ব রয়েছে এবং আগামী সাধারণ নির্বাচনে ভোটাররা যাতে তাদের মতামতের প্রতিফলন ঘটাতে পারে সেজন্য সকলের ‘সমান ভূমিকা রাখার সুযোগ’ সৃষ্টি করতে হবে বলে কূটনীতিকরা মনে করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পশ্চিমা কূটনীতিক বলেন, সরকারে থাকা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে বিরোধী দলের মত প্রকাশের সুযোগ দেওয়া এবং বিরোধী দলের দায়িত্ব হচ্ছে তাদের বিরোধীদের সাথে শান্তিপূর্ণ আচরণ করা।
সমস্যার সমাধানে উভয় দলের কার্যক্রমে কূটনীতিকরা উদ্বিগ্ন বলে তিনি জানান।
তিনি বলেন, অভ্যন্তরীণ ব্যাপারে আলোচনায় আমরা আগ্রহী নই। আগামী নির্বাচন হবে অধিকতর পর্যবেক্ষণ নির্ভর। যে কারণে সবার সমান ভূমিকা নিশ্চিত করা জরুরি।
আগামী নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি ‘নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করা হচ্ছে বলে ইউরোপিয়ান একজন কূটনীতিক জানান।
তিনি বলেন, সংলাপের মাধ্যমে আপনাদের সমস্যা আপনাদেরই সমাধান করতে হবে। আমরা দেখেছি, ব্যবসায়ী সম্প্রদায় সংলাপ অনুষ্ঠানের একটি উদ্যোগ নিয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
তবে সংস্কার প্রস্তাবের ব্যাপারে সরকার ও বিরোধী দল বর্তমানে ধীরে চলো নীতিতে রয়েছে। ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বুধবার ঘোষণা দিয়েছেন বিরোধী পক্ষ থেকে সংস্কার আলোচনার নতুন কোনও প্রস্তাব দেওয়া হবে না।
ব্যবসায়ী সম্প্রদায় বিএনপি’র মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মধ্যে একক সংলাপ অনুষ্ঠানেরও প্রস্তাব দিয়েছেন।
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা তাদের প্রস্তাবের অগ্রগতির জন্য নতুন করে দুয়েক দিনের মধ্যে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।
ব্যবসায়ীদের প্রস্তাবে মান্নান ভূঁইয়া মহাসচিব পর্যায়ে সংলাপের ব্যাপারে আওয়ামী লীগকে প্রস্তাব দেওয়ার জন্য ব্যাবসায়ীদের আহ্বান জানান। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ব্যবসায়ীদের প্রস্তাবে বল সরকারের কোর্টে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আব্দুল জলিল বলেন, এ ধরনের বৈঠকের ব্যাপারে সরকারকেই উদ্যোগী হতে হবে।
সংলাপের ব্যাপারে দু দলের নেতারা পরস্পরের কোর্টে বল ছোঁড়াছুঁড়ি করছেন।
প্রধান বিরোধী দল তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার এবং প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগের ব্যাপারে আন্দোলন করলেও সরকার শুধু নির্বাচন কমিশনের ব্যাপারেই আগ্রহ দেখাচ্ছে।
