২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা সরকারের কাছে বাজেট পেশ করেছি, কোনো ব্যক্তির কাছে নয়: সাইফুরের বক্তব্যের জবাবে সিইসি

ভোটার তালিকা হালনাগাদ করতে নতুন তহবিল বরাদ্দের ব্যাপারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের মন্তব্যের পরও বুধবার প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ প্রত্যাশিত অর্থ পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

অর্থমন্ত্রী এ কাজে আরো অর্থ বরাদ্দ দিতে অস্বীকৃতি জানিয়ে মন্তব্য করলেও প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছি। কোনো ব্যক্তির কাছে নয়।

তিনি বলেন, আমরা নিয়ম অনুযায়ী বাজেট প্রস্তাব দিয়েছি। কিন্তু এখনো কোনো সাড়া পাইনি।

নির্বাচন কমিশনের ৬৪ লাখ টাকা ব্যয়ে প্রণীত নতুন ভোটার তালিকা সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে। এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, মন্ত্রণালয় যদি আমাদের কাছে জানতে চায় তাহলে আমরা তার উত্তর দেব।

সিইসি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন অনুষ্ঠান ও ভোটারতালিকা প্রণয়নও সাংবিধানিক কাজ। এটি নির্দিষ্ট কোনো ব্যক্তির বিষয় নয়।

এর আগে অপর এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আব্দুর রশীদ সরকার অর্থমন্ত্রীর মন্তব্যের জবাবে বলেন, যদি কেউ সাংবিধানিক দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে তাহলে দায় দায়িত্ব তাদের ওপরই বর্তায়।

আব্দুর রশীদ সরকার প্রস্তাবিত বাজেটের পরিমাণ না জানালেও নির্বাচন কমিশন ও অর্থমন্ত্রণালয় উভয় সূত্র জানায়, এ পরিমাণ ৩৭ কোটি টাকা।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, সহায়ক কর্মকর্তাদের ভাতা যথেষ্ঠ না হওয়ায় (১,০০০ টাকা) ইসি আনুষ্ঠানিকভাবে পরিমাণটা জানাতে চাচ্ছে না।