রাজনৈতিক ও নির্বাচনী সংস্কারে নাগরিক কমিটির ৩৭ দফা সুপারিশ ঘোষণা
রাজনৈতিক ও নির্বাচনী সংস্কারে নাগরিক কমিটি সোমবার ৩৭ দফা সুপারিশ ঘাষণা করেছে। এ ছাড়া কমিটির নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগেরও দাবি জানিয়েছেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
এসময় সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও নাগরিক কমিটির সদস্য মুজিবুল হক বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুজন এরই মধ্যে গ্রহণযোগ্যতা হারিয়েছেন। জনমতের প্রতি সম্মান জানিয়েই তাদের পদত্যাগ করা উচিত। তারা পদত্যাগ করলে জনগণ হাফ ছেড়ে বাঁচবে’।
ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট, রাঙ্গামাটি ও চট্টগ্রামে সুশীল সমাজের উন্নয়ন শীর্ষক নাগরিক সংলাপের ভিত্তিতে প্রাপ্ত সুপারিশ অনুযায়ী নাগরিক কমিটি এই ৩৭ দফা সুপারিশ প্রণয়ন করে।
সুপারিশে নির্বাচন কমিশন, নির্বাচনী বিধি, আচরণ, অন্যান্য সংগঠনের ভূমিকা, সংখ্যালঘূ সম্প্রদায়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, নারী নির্যাতন, নির্বাচনী ইশতেহার, সাংসদদের ভূমিকা ও নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন ইস্যু স্থান পেয়েছে।
নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে সুপারিশে বলা হয়, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান, দৃঢ় চরিত্রসম্পন্ন ও যোগ্য ব্যক্তিদের প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে হবে। যাতে করে সবরকম বিতর্কের ঊর্ধ্বে থেকে তারা জনগণের আস্থা অর্জন করতে পারেন।
এ ছাড়া সুপারিশে নির্বাচন কমিশন সচিবালয়কে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পৃথক করারও পরামর্শ দেওয়া হয়েছে।
নির্বাচনী বিধি ও আচরণের ব্যাপারে নাগরিক কমিটি ইসিকে নির্বাচনের যে কোনো পর্যায়ে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করে। পাশাপাশি জাল ভোট বন্ধ করার সবরকম ব্যবস্থা করা, ভোটার তালিকার একটি কম্পিউটারভিত্তিক ডাটা বেইজ তৈরি করা, নির্দ্দিষ্ট সময় পর পর ভোটার তালিকা হাল নাগাদ করা, ভোটারদের ছবিসহ পরিচয়পত্র দেওয়া, রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করা, ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণে আইনগত বাধা কার্যকর করা এবং ১৮০ দিনের মধ্যে নির্বাচন সংক্রান্ত সব বিবাদের নিষ্পত্তি করাসহ বিভিন্ন প্রস্তাব করা হয়েছে।
সুপারিশে বলা হয়, ভোটার যদি নির্বাচনে দাঁড়ানো কোনো ব্যক্তিকেই সমর্থন না জানাতে চায় তবে তার মত প্রকাশের জন্য ব্যালট কাগজে ‘না’ ভোটের একটি ঘর থাকতে হবে। যদি ‘না’ ভোটের পরিমাণ সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীর প্রাপ্ত ভোটের চেয়ে বেশি হয়, কিংবা সমান সমান দাঁড়ায়, তাহলে নতুন মনোনয়নের ভিত্তিতে পুননির্বাচন নিশ্চিত করতে হবে।
নাগরিক কমিটি বিরোধী দলের একজন সংসদ সদস্যকে ডেপুটি স্পিকার মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছে। তেমনিভাবে সংসদীয় স্থায়ী কমিটি ও সরকারি হিসাব কমিটির সভাপতির পদেও বিরোধী দলের সদস্যদের নিয়োগ দেওয়ার কথাও বলা হয়।
সুপারিশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে বলা হয়, পার্বত্য অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের নিয়েই কেবল ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই আঞ্চলিক প্রশাসনিক কাঠামো বা আঞ্চলিক পরিষদের সাহায্য নিতে হবে।
প্রসঙ্গত, আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে ২৭ সদস্যের এই নাগরিক কমিটি গঠন করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক রেহমান সোবাহান, এম সায়েদুজ্জামান, লায়লা কবির, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান, অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ মঞ্জুর এলাহী, এম মুজিবুল হক, মাহমুদা ইসলাম, এম হাফিজউদ্দিন খান, আবদুল্লাহ আবু সাঈদ প্রমুখ।
