২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্প ধারার প্রস্তাবের বিষয়ে আওয়ামী লীগ তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত নিচ্ছে না: জলিল

বিকল্প ধারার সভাপতি অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর দেওয়া প্রস্তাবের বিষয়ে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ তাৎক্ষনিকভাবে কোন সিধান্ত গ্রহণ নিচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 09:17 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

পরবর্তী জাতীয় নির্বাচন বা চলমান আন্দোলন কর্মসূচির লক্ষে তার দল বিকল্প ধারার সাথে কোন জোট গঠন করতে যাচ্ছে কিনা প্রশ্ন করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বিরোধী ১৪ দলীয় জোটের আহ্বায়ক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে বলেন, আমরা এ বিষয়ে এখন কোন চিন্তা করছি না।

আওয়ামী লীগ ও বিরোধী ১৪ দলীয় জোট তত্ববধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচনী আইন সংস্কার এবং প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুই কমিশনারের অপসারণ দাবির আন্দোলন নিয়ে ব্যাস্ত আছে।

এরআগে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বৃহস্পতিবার গণফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিরোধী ১৪ দলীয় জোটে যোগদানের জন্য ছয় দফা শর্ত উপস্থাপন করেন। শর্তগুলোর মধ্যে রয়েছে পরবর্তী নির্বাচনে সরকার গঠনের দুই বছরের মধ্যে দূর্নীতিবাজ ও অপরাধীদের খুঁজে বের করে তাদের তালিকা প্রকাশ করা।

চৌধুরী বলেন, নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার দুই বছরের মধ্যে দূর্নীতিবাজ ও অপরাধীদের শাস্তিপ্রদানসহ ছয় দফা শর্তের বিষয়ে তারা যদি লিখিতভাবে অঙ্গীকার করতে সম্মত হয় তাহলে তার দল বিরোধী ১৪ দলীয় জোটে অংশগ্রহণ করবে।

অধ্যাপক বদরুদ্দোজা বলেন, ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে এবং বর্তমান গণ-বিরোধী সরকারের অপশাসনের হাত থেকে দেশের মুক্তির জন্য লড়াই করতে হবে। তারা যদি আমাদের শর্তপূরণের লিখিত অঙ্গীকার করে তবে বিরোধী ১৪ দলীয় জোটে অংশগ্রহণ করতে আমাদের কোন সমস্যা নেই।

যদিও আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, এটা তাদের কাছে নতুন কিছুই না। আমরা স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তির একটি দীর্ঘ মেয়াদী ঐক্যের জন্য আলোচনা করছি বলেও ওই নেতা উল্লেখ করেন।

বিরোধী ১৪ দলীয় জোটের অপর একজন শীর্ষ নেতা বলেন, অধ্যাপক চৌধুরী একসময় ‘ সাবাশ বাংলাদেশ ’ নির্মাণ করেছিলেন, যা টেলিভিশনে প্রচারিত হয়েছিলো। এখন ‘ বর্তমান অবাক বাংলাদেশ ’ নামে একটি ডকুমেন্টারী কেন তিনি নির্মাণ করেছেন না।