২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ নির্যাতনে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলনের মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন সিএমএম কোর্ট

ঢাকার সিএমএম আদালত ১৪ দল আহুত অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের নির্যাতনে স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম মোস্তফা মিলনের মৃত্যূর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

নিহতের স্ত্রী আয়েশা আক্তার রেখা বুধবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের আইজিপিসহ মোট ১১ জনের নাম উল্লেখ করে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেন। মামলায় হত্যা, হত্যা প্রচেষ্টা, গুরুতর আঘাত, চুরিসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ আনা হয়।

মামলার শুনানী শেষে ম্যাজিস্ট্রেট সৈয়দ মুজিবুল হক বুধবার ওই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন। গত ২ জুলাই অবরোধের দিন সকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলনের মৃত্যূ হয়।

জানা গেছে, মামলায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর, বর্তমান আইজিপি আনোয়ারুল ইকবাল, সাবেক আইজিপি আবদুল কাইয়ুম, সিআইডির অতিরিক্ত আইজিপি খোদা বকস্ চৌধুরী,  পুলিশ কমিশনার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদ, পুলিশের ডিসি(উত্তর) ওবায়দুর রহমান, এসি (উত্তর) জান্নাতুল হাসান খান, গুলশান থানার ওসি মাহবুব আলম খান প্রমুখসহ দুশতাধিক পদস্থ পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ডাক্তার কাইয়ুমকে আসামী করা হয়েছে।

মামলার আর্জিতে বলা হয়, বিরোধী দলের অবরোধ চলাকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন দলের অন্য নেতাকর্মিদের সঙ্গে সকাল সাড়ে ৯ টার দিকে মহাখালির তীতুমীর কলেজের সামনে সমবেত হন। শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ সমাবেশকারীদের লক্ষ্য করে ইটপাটকেল, টিয়ার শেল ও শর্ট গানের গুলি ছোঁড়ে । মিলন মারাতœক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আসামী পুলিশ সদস্যদের কয়েকজন তাকে লাঠিপেটা এবং রাইফেল ও বুট দিয়ে আঘাত করে। এতে তিনি মারা যান। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট না করেই ঘটনা ধামাচাপা দিতে লাশ ছিনিয়ে নেয় এবং ময়না তদন্তের রিপোর্টে মনগড়া কথা বলা হয়। অথচ বিভিন্ন মিডিয়ার প্রতিবেদনে নিহত মিলনের দেহে শর্টগানের গুলি ও মারধরের চিহ্ন ছিল বলে উল্লেখ করা হয়।

বাদিনী পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার আমির-উল-হক, সৈয়দ রেজাউর রহমান, সাহারা খাতুন, মঞ্জু নাজনীন প্রমুখ।