২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালনাগাদকৃত ভোটার তালিকার খসড়া প্রকাশের খবর সঠিক নয়: নির্বাচন কমিশন সচিবালয়

হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশের ব্যাপারে নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় মঙ্গলবার প্রকাশিত সংবাদের সত্যতা অস্বীকার করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

ইসি সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব এ ধরনের কোনও বক্তব্য প্রদান করেননি।

এতে আরও বলা হয়, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে খসড়া প্রকাশের বিধিগত কোনও সুযোগ নেই।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ১ জুলাই থেকে শুরু হয়েছে। বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য সহায়তাকারী কর্মকর্তাদের নিয়োগ কার্যক্রম চলছে। ২০ জুলাইয়ের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে।

নিয়োগপ্রাপ্তরা নিয়োগের পরপরই হালনাগাদের কাজ শুরু করবেন এবং ১০ আগস্ট পর্যন্ত হালনাগাদের কাজ চলবে।

হালনাগাদকৃত ভোটার তালিকা জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা ও থানা নির্বাচন অফিসারের কার্যালয়সহ সকল সহকারী রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়, ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কার্যালয়ে সকলের দেখার জন্য উন্মুক্ত থাকবে।