২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য হাসিনাকে শিগগিরই সময় দেওয়া হবে: বঙ্গভবন

রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজ উদ্দীন আহম্মেদের সঙ্গে সাক্ষাতের জন্য সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে শিগগিরই সময় দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 06:21 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

রাষ্ট্রপতির প্রেস সচিব এম. মোখলেসুর রহমান বিডিনিউজকে শনিবার টেলিফোনে বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করে মাননীয় বিরোধী দলীয় নেতার পত্রটি বৃহস্পতিবার শেষ মুহূর্তে কার্যালয়ে এসে পৌঁছেছে। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় পত্রটি বঙ্গভবনের ওপর তলার কার্যালয়ে আসেনি।

তিনি বলেন, রোববার নাগাদ অফিস খোলার পর পত্রটি হাতে পেলে আমরা চেষ্টা করবো সাক্ষাতের জন্য দ্রুত সময়সূচি দেওয়ার।

তিনি আরো বলেন, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠেয় এই সাক্ষাতটি হবে সীমিত দর্শনার্থীসহ। অন্য যে রাজনৈতিক নেতারা তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন সেটি হয়তো রাষ্ট্রপতির শারীরিক অবস্থার জন্য সম্ভব হবে না।

মোখলেসুর রহমান বলেন, আমরা মনে করি, শেখ হাসিনা অন্যান্য বিরোধী দলেরও প্রতিনিধি হওয়ায় রাষ্ট্রপতির সঙ্গে তার সাক্ষাতের মধ্য দিয়ে অন্য রাজনৈতিক নেতাদের সাক্ষাতের প্রয়োজন ফুরিয়ে যায়।

তিনি জানান, চিকিৎসকের পরামর্শ মতো রাষ্ট্রপতি শুক্র এবং শনিবারও প্রাত্যহিক স্বাভাবিক কাজকর্ম ও বৈকালিক ভ্রমণ করেছেন। আরো দুসপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। তবে তিনি হালকা দাফতরিক কাজকর্ম করতে পারবেন।

রোববার নাগাদ রাষ্ট্রপতি আবার বঙ্গভবনে অফিস করবেন বলে প্রেস সচিব আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে আগ্রহ প্রকাশ করে শেখ হাসিনা ছাড়াও সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুজ্জোদা চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বৃহস্পতিবার বঙ্গভবনে পৃথক পৃথক পত্র দিয়েছেন।

২৬ মে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির বাইপাস সার্জারী করা হয়। চিকিৎসা শেষে ২০ জুন তিনি দেশে ফেরেন।

রাষ্ট্রপতির প্রটোকল ছাড়াই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়।

একইদিন সিএমএইচে শুধু প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া আর কাউকে তার সঙ্গে সাক্ষাত করতে দেওয়া হয়নি। সিএমএইচে তিনদিন অবস্থানের পর রাষ্ট্রপতি বঙ্গভবনে ফিরলেও সর্বশেষ বৃহস্পতিবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এরআগে তার অবর্তমানে স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।