রাষ্ট্রপতি কী গৃহবন্দি? প্রশ্ন শেখ হাসিনার
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি গৃহবন্দি কীনা -- এই প্রশ্ন উত্থাপন করে বলেছেন, চিকিৎসকরা সার্টিফিকেট দিয়ে বলেছেন, তিনি (রাষ্ট্রপতি) সুস্থ। কিন্তু সরকার তাকে আটকে রেখেছে। বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এখনও ক্ষমতা ফিরে পাচ্ছেন না তিনি।
বিএনপি জামাত জোট সংবিধান লংঘন করে দেশ চালাচ্ছে -- অভিযোগ করে শেখ হাসিনা বলেন, স্বামী জিয়ার মতো রাষ্ট্রপতিকে অসুস্থ বানিয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজেই রাষ্ট্রপতি হতে চান। শতভাগ ভোট চুরির জন্য কাউকেই তিনি এখন আর বিশ্বাস করছেন না। তাই ভোট চুরি করে আবার ক্ষমতায় আসতে নিজেই রাষ্ট্রপতির পদ দখলে নিতে চাচ্ছেন প্রধানমন্ত্রী।
তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাজশাহী বিভাগের ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের জেলা, থানা ও প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা বলেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তৃণমূল নেতারা তাদের সংশ্লি¬ষ্ট এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইন-শৃংখলা পরিস্থিতি এবং আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে বিস্তারিত চিত্র দলীয় প্রধানের কাছে তুলে ধরেন।
শেখ হাসিনা সরকার বিরোধী চলমান আন্দোলন এগিয়ে নেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য তৃণমূল নেতাদের পরামর্শ দেন। একই সঙ্গে ঐক্যবদ্ধ থেকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি।
শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট দুঃশাসনে অতীষ্ঠ জনগণ আর ভোট দেবে না বলে তারা ভোট চুরির সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার বাস্তবায়ন হলে শতভাগ ভোট চুরি করতে পারবে না বলে সংস্কার মানতে চাচ্ছেন না প্রধানমন্ত্রী। তাই সংস্কারের দাবিতে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। জনগণকে তাদের অধিকার রক্ষা করতে হবে। আর কেউ যেন ভোট চুরি করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন এবং প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, বিএনপি জামাত জোট গত সাড়ে চার বছরে জনগণের যে অর্থ সম্পদ লুট করেছে, তা আগামী নির্বাচনে ব্যয় করবে। জনগণের লুট করা এই সম্পত্তির পাই পাই করে হিসাব নেওয়া হবে।
