২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ইসি সচিব ভোটার তালিকা হাল নাগাদ করতে ঘরে ঘরে যাওয়ার পক্ষে

নবনিযুক্ত নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার মঙ্গলবার বলেছেন, বর্তমান ভোটার তালিকা হাল নাগাদ করতে ঘরে ঘরে যাওয়াই ভালো পদ্ধতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 09:42 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

বিডিনিউজের সাথে আলাপকালে তিনি বলেন, জনগণকে উৎসাহিত করতে সঠিকভাবে প্রচার করা হলে অফিসে বসেই ভোটারতালিকা হাল নাগাদ সফল হতে পারে।

ভোটার তালিকা হাল নাগাদ নিয়ে বিতর্কের ব্যাপারে তার নিজের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘরে ঘরে ভোটারদের কাছে গিয়ে হাল নাগাদ করা হলে অবশ্যই তা ভালো হবে।

কিন্তু সঠিকভাবে প্রচার করে বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদ অফিসে বসে এটা করা যেতে পাারে।

ভোটার তালিকা হাল নাগাদ করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণকে উৎসাহিত করতে তারা বড় একটি ভূমিকা পালন করতে পারে।

তার নিয়োগের ব্যাপারে প্রশ্ন করা হলে আব্দুর রশীদ সরকার বলেন, তিনি এখনো সরকারি আদেশ হাতে পাননি। তবে মৌখিকভাবে জেনেছেন।

কমিশন সচিবালয়ে যোগ দেওয়ার ব্যাপারে তিনি বলেন, এটি আমার মন্ত্রী (খাদ্য মন্ত্রী), প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের সাথে আলোচনার ভিত্তিতে হবে।

এ বছরের ১৪ জানুয়ারি সাবেক সচিব সম জাকারিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া ভারপ্রাপ্ত সচিব হিসেবে কাজ করছিলেন। পরে সম জাকারিয়াকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।