২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলের নেতা শেখ হাসিনা মঙ্গলবার ১৪ দল ঘোষিত সকাল--সন্ধ্যা হরতাল সফলভাবে পালনের জন্যে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা বলেন, দমন-পীড়ন, নির্যাতন ও গ্রেপ্তার উপেক্ষা করে হরতাল পালন করে দেশের মানুষ জোট সরকারের বিরুদ্ধে তাদের সুষ্পষ্ট অনাস্থা জানিয়েছে।

তিনি সরকারকে সংঘাতের পথ পরিহার করে ১৪ দল উত্থাপিত সংস্কার প্রস্তাবকে জাতীয় দাবি হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দাবি না মেনে নেওয়া পর্যন্ত সরকার বিরোধী জনগণের লড়াই-সংগ্রাম অব্যহত থাকবে।

জোট সরকার দুঃশাসন টিকিয়ে রাখার জন্যে আন্দোলনরত জনগণের ওপর দমন--পীড়ন, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ১৪ দলের ডাকা হরতাল পালনকালে রাজধানীর বিভিন্ন স্থানে ও লালমনিরহাট, পটুয়াখালী, ময়মনসিংহ, ঝিনাইদহ’র মহেশপুরসহ সারা দেশে সমর্থকদের উপর পুলিশ, বিডিআর, র‌্যাব ও সরকারের লেলিয়ে দেওয়া সশস্ত্র ক্যাডারদের হামলায় শতাধিক আহত এবং গ্রেপ্তার হয় পাঁচ শতাধিক।

গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি ও নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান শেখ হাসিনা।

তিনি আরও বলেন, চলমান আন্দোলন কোন দলকে ক্ষমতা থেকে উৎখাত করে কোন ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানোর জন্যে নয়। এই আন্দোলন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রস্তাব ও ভোটার তালিকা হালনাগাদ করার সুপ্রীম কোর্টের রায় বাস্তবায়ন, বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার ও নতুন দুই নির্বাচন কমিশনারকে অপসারণ করে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন।