গোপনে টিভিতে সাক্ষাতকার দেওয়ায় সিইসি’র আঞ্চলিকতা প্রীতি ও সংকীর্ণতা নিয়ে সর্বমহলে সমালোচনা
অনেক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ায় খোদ সরকারের একটি অংশের সমালোচনার শিকার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ এবার রাষ্ট্রনিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ দুটি ‘খাতিরের’ টিভি চ্যানেলকে ‘গোপনে’ সাক্ষাৎকার দিয়েছেন।
এতে সরকার ও বিরোধী দলের পাশাপাশি এবার তিনি সর্বমহলে সমালোচনার মুখোমুখি হয়েছেন।
ইতোপূর্বে সিইসি’র অনেক বিতর্কিত সিদ্ধান্তকে ঘিরে বিরোধী দলের পাশাপাশি সিইসি আজিজ সরকারী দলের প্রভাবশালীদের সমালোচনার শিকার হন।
এ অবস্থায় বিতর্কিত সিইসি শুক্রবার বিটিভি ও বাংলাদেশ বেতার ছাড়াও দুটি বেসরকারি টিভি চ্যানেলকে তার সরকারি বাসভবনে সাক্ষাৎকার নেওয়ার জন্য আমন্ত্রণ জানান।
কমিশন থেকে অন্য চ্যানেলগুলোকে আমন্ত্রণ না করায় সাক্ষাৎকারটি মিডিয়াতে প্রচারের পর অন্য মিডিয়াগুলো সিইসি’র এই ‘গোপন’ সাক্ষাৎকারের কথা জানতে পারে।
সংশ্লিষ্ট সূত্র মতে, বিটিভি ও বেতার ছাড়াও অপর দু’টি সংবাদ মাধ্যমের একটিকে রাজনৈতিক কারনে এবং অন্যটিকে আঞ্চলিক প্রীতির কারনে গোপনে সিইসি’র সরকারি বাসভবনে সাক্ষাৎকার নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।
সিইসি ও তার ব্যাক্তিগত সচিব উভয়ের বাড়ী বরিশাল। এ কারনে বরিশালের একজন রিপোর্টারের প্রতি সুপ্রসন্ন হয়ে সংশ্লিষ্ট চ্যানেলকে এবং সরকারের একটি ‘বিশেষ ভবনের’ আশীর্বাদপুষ্ট অপর টিভি চ্যানেলকে সিইসি’র এ সাক্ষাতকার নিতে আমন্ত্রণ করা হয়।
নির্বাচন কমিশনের খবরাখবর কাভারকারী রিপোর্টারদের একজন জানান, সিইসি’র অনেক কর্মকান্ডই সরকারের বিভিন্ন মহলসহ দেশের সর্বত্রই বিতর্কিত হয়ে আসছে। এর মধ্যে ওই সাক্ষাৎকার তার সংকীর্ণতা ও অঞ্চলপ্রীতি তাকে আরো বিতর্কিত করে তুলবে। এতে তার গ্রহনযোগ্যতাকে আরো হ্রাস পাবে।
এই ব্যাপারে মন্তব্য করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বাসায় যোগাযোগ করে কাউকেই পাওয়া যায়নি।
